কুমোরটুলি থেকে বিদেশ যাত্রা 7 জগদ্ধাত্রী প্রতিমার, কলকাতায় বরাত বেড়ে 5000
দুর্গার পর এবার কুমোরটুলি থেকে একাধিক জগদ্ধাত্রী পাড়ি দিল বিদেশে ৷ আগের থেকে কলকাতায় প্রতিমার বরাত বৃদ্ধি পাওয়ায় চন্দননগরকে টেক্কা দেওয়া সময়ের অপেক্ষা ৷

Published : October 25, 2025 at 2:06 PM IST
কলকাতা, 25 অক্টোবর: বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন বিশ্বজনীন । আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় ঠাকুর পাড়ি দেয় বিদেশে । একই সঙ্গে কলকাতা-সহ জেলায় উৎসবের বহর বেড়েছে কয়েকগুণ । আর সেই ছবি কয়েক বছরের মধ্যেই ফিরতে পারে এবার জগদ্ধাত্রী পুজোয় । এমনটাই দাবি অন্তত কুমোরটুলির শিল্পীদের ।
কারণ, বছর বছর প্রতিমার বরাত বাড়ছে ৷ এবার সেই বরাতের সংখ্যা পৌঁছে গিয়েছে 5000-এর ধারে কাছে । স্বভাবতই খুশি শিল্পী মহল । তাঁদের কথায়, জগদ্ধাত্রী পুজোয় উৎসবের বহরে কলকাতা যেভাবে এগোচ্ছে, তাতে আর বেশি দিন লাগবে না চন্দননগরকে টেক্কা দিতে ।
আগের তুলনায় চলতি বছর জগদ্ধাত্রী প্রতিমা বিদেশে পাড়ি দেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে সাতে । অস্ট্রিয়া, নেদারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি তিন দেশের বিভিন্ন প্রদেশেই গিয়েছে এই জগদ্ধাত্রী প্রতিমাগুলি । পাশাপাশি কুমোরটুলি জুড়ে শিল্পীরা বেশ খুশি কারণ, কয়েক বছর ধরেই যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল এবার সেটা আরও বেশি, সেটা হল চলতি বছর জগদ্ধাত্রী প্রতিমা বানানোর বরাত মেলার যেন রমরমা ।

একটা সময় ছিল যখন জগদ্ধাত্রী পুজো চন্দননগরের মধ্যে সীমিত ছিল । অনেকে ঠাকুর গড়তে কৃষ্ণনগর বা চন্দননগরের শিল্পীদেরই বরাত দিতেন । সময়ের সঙ্গে সেই জায়গা নিতে শুরু করেছে কলকাতার কুমোরটুলি । কলকাতায় জগদ্ধাত্রী পুজোর সংখ্যায় বেশ কয়েক বছর ধরে ক্রমশ বেড়ে চলেছে ।

এর মধ্যে আগে থেকে বরাত মেলার পুজো তো আছেই । সঙ্গে ছোট ছোট হাজার খানেকের বেশি মূর্তি হয়, যেগুলি বাড়ির পুজোর জন্য লোকজন কিনে নিয়ে যাচ্ছে । আবার রেডিমেড কিছু প্রতিমাও বানিয়ে রাখা থাকে বিভিন্ন মাপের । যেগুলি কিনে নিয়ে যায় বিভিন্ন পুজো কমিটি ৷

কুমোরটুলি মৃৎশিল্পী ও সংস্কৃতি সমিতির সম্পাদক বাবু পাল বলেন, "দিনে দিনে সব পুজোর সংখ্যা বাড়ছে । ফলে প্রতিমার অর্ডার বেড়েছে । দুর্গা ও কালী দুটোর প্রতিমার বরাত এবার গতবারের তুলনায় বেশি ছিল । একইভাবে জগদ্ধাত্রী । এইবছর জগদ্ধাত্রী প্রতিমার বাজার খুবই ভালো । ছোট থেকে বড় মূর্তির অর্ডার বেশি হচ্ছে । আগে যেটা 5-6 ফুট উচ্চতায় সীমাবদ্ধ থাকত, এখন সেটা চলে গিয়েছে 12 ফুটে । তার উপর সাজ মুকুট আছে ।"

তিনি আরও বলেন, "লকডাউনের সময় পর্যন্ত এই মূর্তি বরাত মিলত 2000-2200টি । সেটা এখন বাড়তে বাড়তে 4000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে । আগে বেশি চন্দননগরে জগদ্ধাত্রী মূর্তি তৈরি হতো ৷ এখন কুমোরটুলি সেটাকে হার মানিয়ে দেবে এমন অবস্থা । অস্ট্রিয়া, নেদারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালিতে পাড়ি দিয়েছে জগদ্ধাত্রী প্রতিমা । তবে দুর্গার মূর্তির তুলনায় এখনও সংখ্যাটা অনেকই কম ।" তবে আগামিদিনে বরাত আরও বাড়বে বলে অশাবাদী কুমোরটুলির শিল্পীরা ৷

