কলকাতায় বর্ষবরণের প্রস্তুতি, 5 কোটি টাকা খরচে আলোর মালায় সেজে উঠছে শহর
কিছুদিন পর থেকেই পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট ফ্লাই ওভার, বো ব্যারাক, অ্যালেন পার্ক, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি রোড সেজে উঠবে আলোর মালায়।

Published : December 8, 2025 at 7:20 PM IST
কলকাতা, 8 ডিসেম্বর: ডিসেম্বর পড়তেই বর্ষ বিদায় ও বর্ষ বরণের কাউন্টডাউন শুরু হয় যায়। শহর চলে যায় ছুটি-উৎসবের মেজাজে। এই মেসুমের রাতের শহরকে আরও মোহময়ী করে তোলে আলোক-সজ্জা। চলতি বছরেও প্রস্তুতি তুঙ্গে কলকাতা কর্পোরেশনের। আনুমানিক 5 কোটি খরচে আলোর মালায় সাজবে শহরের পাঁচ জায়গা।
ইতিমধ্যেই টেন্ডার হয় গিয়েছে। আর কিছুদিন পর থেকেই আলোর মালা লাগানো শুরু হবে শহরের পাঁচ জায়গায়। পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট ফ্লাই ওভার, বো ব্যারাক, অ্যালেন পার্ক, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি রোড সেজে উঠবে আলোর মালায়।

এই পাঁচটি জায়গা রঙিন আলোর মালায় প্রতি বছর সাজিয়ে তোলা হয়। দিনের আলো শেষ হলেই শহরের সন্ধ্যা আলোর রোশনাইয়ে সেজে ওঠে, কলকাতায় আগাম উৎসবের জানান দেয়। ডিসেম্বরে মাসের দ্বিতীয় সপ্তাহ পার হলেই ছুটি-উৎসবের মেজাজে চলে যায় প্রায় গোটা শহর। বিভিন্ন গন্তব্যে জমতে থাকে ভিড়। চিড়িয়াখানা, যাদুঘর, বিভিন্ন বিনোদন পার্কে ভিড় উপচে পড়ে ৷ আর এই ভিড়কে আলোকিত করে শহরের শীতকালীন আলোকসজ্জা৷ আলোর মালায় সাজানো শহরের এই সমস্ত স্থান হয়ে ওঠে আনন্দমুখর, উৎসবের ক্ষেত্র। বছরের এই সময়টায় এই পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট ফ্লাই ওভার, বো ব্যারাক, অ্যালেন পার্ক, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি রোডের মতো জায়গাগুলি ঘিরে রুটি-রুজি তৈরি হয় বহু মানুষের।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এলইডি লাইট দিয়ে সেজে উঠবে শহর। ডিসেম্বরের 18 তারিখ থেকে লাইট জ্বালানো হবে। নতুন বছরের জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত জ্বলবে বাহারি আলোর মালা। এর মধ্যে পার্ক স্ট্রিট ও বো ব্যারাক দুই জায়গা আলোকজ্জ্বল করে তোলার খরচ বহন করে রাজ্যের পর্যটন দফতর। বাকি জায়গাগুলির আলোকসজ্জার খরচ কলকাতা কর্পোরেশনের।

এই প্রসঙ্গে আলোক বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বলেন, "প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সাজিয়ে তোলা হয় এই শহর। বহু মানুষ আসেন ঘুরে দেখেন কলকাতা। আলোকজ্জ্বল শহর তাঁদের স্বাগত জানায়। বছর শেষের বিষাদ ভুলে নতুন বছরকে বরণ করার উৎসাহ দেন। আর চারটে ঘুরে দেখার জায়গার মতোই আলোর মালায় সজ্জিত এই জায়গাগুলিতে অসংখ্য মানুষ ভিড় জমান। পরিবার-বন্ধু নিয়ে তাঁরা ঘুরে দেখেন, শহরে শীতের আমেজ উপভোগ করেন। রাজ্যের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়। স্থানীয় ভাবে কাউন্সিলররা নিজ নিজ এলাকার বিভিন্ন জায়গা সুন্দর ভাবে সাজিয়ে তোলেন।"

