ETV Bharat / state

শশী থারুরকে ডি.লিট উপাধি দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

আগামী 21 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠান হবে । প্রতি বছরের মতো এবারও ডিগ্রি প্রদানের অনুষ্ঠান হবে বিশেষ অতিথিদের নিয়ে ।

ETV BHARAT
শশী থারুরকে ডি.লিট উপাধি দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 11, 2025 at 1:50 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 ডিসেম্বর: কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট লেখক শশী থারুরকে ডি.লিট উপাধি দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ৷ আগামী 21 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠান । প্রতি বছরের মতো এবারও ডিগ্রি প্রদানের অনুষ্ঠান হবে বিশেষ অতিথিদের নিয়ে । সেখানেই বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত শশী থারুরকে সম্মানিত করা হবে ডি.লিট উপাধিতে ।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স রাজ জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বছর তিরুবনন্তপুরমের সাংসদ ড. শশী থারুরকে সম্মানীয় ডি.লিট দেওয়া হবে বিশ্ববিদ্যলয়ের তরফে । 2019 সালে বিশ্ববিদ্যলয়ের প্রথম বছরের সমাবর্তনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়েও ড. থারুর নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন ।"

ETV BHARAT
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স রাজ (নিজস্ব চিত্র)

69 বছরের থারুর 2009 সাল থেকে কংগ্রেসের সাংসদ হিসেবে তিরুবনন্তপুরম কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন । লন্ডনে জন্ম হলেও তাঁর শৈশব কেটেছে মুম্বইয়ে । কলকাতার সঙ্গেও তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর । 1969 থেকে 1971 সাল পর্যন্ত তিনি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন । পরে কূটনীতিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করলেও কলকাতার প্রতি তাঁর টান আজও অটুট । তাঁর সাহিত্যিক প্রতিভা ও বহুভাষিক লেখনীর জোরে দেশের পাশাপাশি বিদেশেও তিনি সমান সমাদৃত ৷ সেই কারণেই এ বছর তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ।

এছাড়াও এই সমাবর্তন অনুষ্ঠানের মুখ্য অতিথি হয়ে আসছেন আর্তুরো সোসা, যিনি বর্তমানে রোমে সোসাইটি অফ জেসাসের সুপিরিয়র জেনারেল । সমাবর্তনে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও । সমাবর্তন অনুষ্ঠান হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে । বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ বছর মোট 1,050 জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করবেন, যার মধ্যে 24 জন পিএইচডি গবেষক । 2017 সালে মাত্র 400 পড়ুয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল । সেই সংখ্যাটা আজ বেড়ে 4,300-তে পৌঁছেছে । বর্তমানে 20টি ভিন্ন পাঠ্যক্রম পড়ানো হচ্ছে ।

ETV BHARAT
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (নিজস্ব চিত্র)

শুধু ডিগ্রি প্রদানেই সীমাবদ্ধ নয়, বিশ্ববিদ্যালয় দ্রুতই শিক্ষা পরিষরে বড়সড় বিস্তার ঘটাতে চলেছে । সেন্ট জেভিয়ার্স শীঘ্রই নার্সিং স্কুল চালু করার পরিকল্পনা করেছে । এরপর মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে । ইতিমধ্যেই 10 একর জমির জন্য আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । তবে জমি অনুমোদনের বিষয়টি এখনও অপেক্ষায় ।

উপাচার্য জন ফেলিক্স রাজ জানান, সাত বছর আগে মুখ্যমন্ত্রী নিজেই বিশ্ববিদ্যালয়কে নার্সিং স্কুল খোলার পরামর্শ দিয়েছিলেন । কিন্তু তখন প্রস্তুতি সম্পূর্ণ না-থাকায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি । বর্তমানে দেখা যাচ্ছে, রাজ্যের বহু ছাত্রী নার্সিং প্রশিক্ষণের জন্য তামিলনাড়ু ও কর্ণাটকে যাচ্ছেন । এই পরিস্থিতিতে রাজ্যেই একটি আধুনিক নার্সিং স্কুল গড়ে উঠলে পড়ুয়াদের বাইরে যেতে হবে না ।

মেডিক্যাল কলেজের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী । সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন চিকিৎসকরাও এই উদ্যোগে উৎসাহ জোগাচ্ছেন ।প্রয়োজনীয় অর্থ ও জমির ব্যবস্থা হলে আগামী দু’বছরের মধ্যেই মেডিক্যাল কলেজ চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য ।