ETV Bharat / state

কলকাতার যানজটের মূলে অবৈধ পার্কিং, নতুন বছরে কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের

অবৈধ পার্কিং পুরোপুরি বন্ধ করতে ডালহৌসি ও রেড রোড নিয়ে একাধিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।

traffic police
অবৈধ পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 6, 2026 at 8:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 জানুয়ারি: কলকাতা শহরের নিত্যদিনের যানজটের অন্যতম বড় কারণ হিসেবে দীর্ঘদিন ধরেই উঠে আসছে অবৈধ পার্কিং । দিনের ব্যস্ত সময়ে রাস্তার ধারে ও মাঝ বরাবর যত্রতত্র গাড়ি দাঁড় করানোর ফলে মারাত্মক সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীরা । ট্র্যাফিকের গতি মন্থর হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও । এই পরিস্থিতি সামাল দিতেই নতুন বছরের শুরুতেই কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, অবৈধ পার্কিং পুরোপুরি বন্ধ করতে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা যেমন বড়বাজার, ডালহৌসি চত্বরে একাধিক প্রশাসনিক পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে । ইতিমধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন । ডালহৌসির পাশাপাশি রেড রোড এলাকাতেও নজরদারি আরও আঁটোসাটো করা হচ্ছে । রেড রোডের দুই ধারে যেখানে ফাঁকা জায়গা বা কাট-আউট রয়েছে, সেখানে গেট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই সেখানে বেআইনিভাবে গাড়ি দাঁড় করানো না যায় । এই কাজ দ্রুত সম্পন্ন করতে পূর্ত দফতর, সাউথ ট্র্যাফিক গার্ডের ওসি এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।

traffic police
ট্র্যাফিক পুলিশ (নিজস্ব ছবি)

প্রশাসনের লক্ষ্য, খুব শীঘ্রই প্রয়োজনীয় অনুমতি নিয়ে কাজ শেষ করা, যাতে ব্যস্ত এই এলাকায় যান চলাচল আরও মসৃণ করা যায় । এই পরিকল্পনার অংশ হিসেবেই গত বুধবার কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা ডালহৌসি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন । পরিদর্শনের সময় দেখা যায়, রাস্তার উপর যত্রতত্র গাড়ি দাঁড় করানোর প্রবণতা এখনও যথেষ্ট বেশি । সেই সমস্যা রুখতেই এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে রাস্তার মাঝ বরাবর রেলিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পুলিশের মতে, এই রেলিং বসানো হলে একদিকে যেমন অবৈধ পার্কিং অনেকটাই কমবে, তেমনই অন্যদিকে পথচারীদের বেপরোয়াভাবে রাস্তা পার হওয়ার বিষয়টিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, "এই সমস্যা কাটাতে পারলে সাধারণ মানুষের অনেকটা উপকার হবে । পাশাপাশি যান চলাচলেও সুবিধা হবে ৷"

traffic police
কলকাতা পুলিশ (নিজস্ব ছবি)

উল্লেখযোগ্যভাবে, গত 27 ডিসেম্বর অবৈধ পার্কিং ও রাস্তা নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জেলা নিরাপত্তা কমিটির বৈঠক হয় । সেই বৈঠকে কলকাতা পুরনিগমকে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় পুলিশ । হেমন্ত বসু সরণি, এনএস রোড, আরএন মুখার্জি রোড-সহ শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় নতুন রেলিং বসানো হবে ৷ পাশাপাশি পুরনো রেলিংগুলির দ্রুত মেরামতির কথাও জানানো হয় বৈঠকে ।

পুলিশের যুক্তি, নির্দিষ্ট জায়গা ছাড়া রাস্তা পারাপার বন্ধ করা গেলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং ট্র্যাফিকের গতি স্বাভাবিক থাকবে । প্রশাসনের আশা, এই পদক্ষেপগুলি কার্যকর হলে শহরের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে ।