বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, আপাতত স্বাভাবিক থাকবে যান চলাচল
প্রশাসনিক কারণ দেখিয়ে চিংড়িঘাটা উড়ালপুলে যান নিয়ন্ত্রণের আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিল কলকাতা পুলিশ ৷

Published : July 2, 2026 at 4:49 PM IST
কলকাতা, 2 জুলাই: শুক্রবার থেকে সোমবার বন্ধ থাকছে না চিংড়িঘাটা উড়ালপুল ৷ আপাতত যান নিয়ন্ত্রণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ ৷
প্রশাসনিক কারণ দেখিয়ে পূর্বের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে । ফলে নির্ধারিত সময়ে উড়ালপুল বন্ধের পাশাপাশি যানবাহনের রুট পরিবর্তনের কোনও সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না । স্বাভাবিক নিয়মেই চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল করবে ।
বুধবার কলকাতা পুলিশের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 23 জুন প্রকাশিত নোটিফিকেশন (নং TP/31)-এ চিংড়িঘাটা ফ্লাইওভারের PP326 থেকে PP327 পিলারের মধ্যে দ্বিতীয় পর্যায়ের লঞ্চিংয়ের কাজের জন্য 3 জুলাই রাত আটটা থেকে 6 জুলাই সকাল আটটা পর্যন্ত উড়ালপুলের ওই অংশে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । পাশাপাশি একাধিক ট্রাফিক ডাইভারশন এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থাও ঘোষণা করা হয়েছিল । প্রশাসনিক কারণবশত সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে । ফলে ওই সময়ের জন্য ঘোষিত সমস্ত ট্রাফিক বিধিনিষেধ এবং বিকল্প রুটের নির্দেশ আপাতত স্থগিত থাকবে ।

কলকাতা পুলিশের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল এবং চিংড়িঘাটা মোড় দিয়ে যানবাহন স্বাভাবিক নিয়মেই চলাচল করবে । অর্থাৎ সাধারণ মানুষ, অফিসযাত্রী এবং বিমানবন্দরগামী যানবাহনের জন্য আপাতত কোনও অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ বা রুট পরিবর্তনের প্রয়োজন হবে না ।
প্রসঙ্গত, চিংড়িঘাটা উড়ালপুল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা । ইএম বাইপাস, সল্টলেক, নিউটাউন এবং বিমানবন্দরের সঙ্গে কলকাতার বিভিন্ন অংশকে সংযুক্ত করার ক্ষেত্রে এই উড়ালপুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই কয়েকদিনের জন্য উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল । নতুন নির্দেশিকা জারি হওয়ায় আপাতত সেই আশঙ্কা কেটে গেল ।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ (আইপিএস)-এর স্বাক্ষরিত এই নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে । ভবিষ্যতে সেগমেন্ট লঞ্চিংয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সে বিষয়ে পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত ।
উল্লেখ্য, এর আগেও কলকাতা মেট্রোর কাজের জন্য পর্যায়ক্রমে চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করা হয়েছিল ৷ কারণ দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে অবশেষে শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ । আর তার জন্যই দফায় দফায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷

