রঙের উৎসবে সুরক্ষায় জোর, শহরজুড়ে কড়া নজরদারি পুলিশের
বেআইনি মদের বিরুদ্ধে তল্লাশি জোরদার করা হয়েছে । অলিগলিতেও বাইক নিয়ে টহল দিচ্ছে পুলিশ ৷

Published : March 3, 2026 at 3:08 PM IST
কলকাতা, 3 মার্চ: রঙের উৎসবে মেতে মহানগর ৷ আবিরে আবিরে রাঙা আকাশ ৷ দোল ও হোলিকে কেন্দ্র করে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তাই তৎপর কলকাতা পুলিশ ৷ মঙ্গলবার ও বুধবার দু'দিন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহরের আনাচকানাচ । রাস্তায় রাস্তায় পুলিশে ছয়লাপ ৷
লালবাজার সূত্রে খবর, উৎসবের দু'দিন শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকবেন প্রায় চার হাজার পুলিশকর্মী । রাস্তায় নজরদারিতে থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার আধিকারিকরাও । পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় কেউ যাতে গঙ্গা বা অন্য কোনও জলাশয়ে স্নান করতে না নামেন, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে ।

কত পুলিশ মোতায়েন
শহরের 66টি গঙ্গা ও অন্যান্য ঘাটে থাকবে বাড়তি পুলিশ মোতায়েন । এর মধ্যে 24টি গুরুত্বপূর্ণ ঘাটে থাকছে ডিএমজি টিম বা বিপর্যয় মোকাবিলা বাহিনী । পাশাপাশি 10টি ডিভিশনেও প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাহিনী । দোলের দিন শহরজুড়ে প্রায় 400টি পুলিশ পিকেট থাকবে । 86টি গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ পিকেটে থাকবেন ছ’জন করে পুলিশকর্মী, অন্য 312টি পিকেটে থাকবেন তিনজন করে । টহল দেবে 62টি পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম ।
অলিগলিতে বাইকের টহলদারি
প্রত্যেক থানার অধীন অলিগলিতেও বাইক টহলের ব্যবস্থা করা হয়েছে । চলন্ত গাড়ি থেকে অনিচ্ছুক ব্যক্তির গায়ে রং ছোড়া, বহুতলের ছাদ থেকে জলভর্তি বেলুন নিক্ষেপ কিংবা জোর করে রং মাখানোর মতো ঘটনায় কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে । রং খেলার নামে শ্লীলতাহানির অভিযোগ এলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ । এছাড়া রাস্তার কুকুর বা অন্য পশুর শরীরে রং না লাগানোর জন্যও সচেতনতা প্রচার চালানো হচ্ছে । বেআইনি মদের বিরুদ্ধে তল্লাশিও জোরদার করা হয়েছে । পুলিশের আশা, কঠোর নজরদারি ও প্রস্তুতির ফলে সম্প্রীতির আবহেই কাটবে দোল ও হোলির উৎসব ।

রিভার ট্রাফিক পুলিশের নিরাপত্তা
শুধুমাত্র স্থলপথে নয়, জলপথেও একইভাবে কড়া নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ ৷ লালবাজার সূত্রে খবর, শহরের মোট আটটি গঙ্গার ঘাটে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ দাইঘাট, বিচলিঘাট ও আউটরাম ঘাট-সহ একাধিক ঘাটের বাইরে জোয়ার ভাঁটার কখন আসবে সেটা বারবার মাইকিং করছে পুলিশ ৷ পাশাপাশি কেউ যাতে গঙ্গার তলিয়ে না যায় তার জন্য দক্ষিণে পশ্চিম বন্দর থানা থেকে হুগলির কোন্নগর পর্যন্ত জলপথে মোট চারটি স্পিড বোট নিয়ে টহল দিচ্ছেন রিভার ট্রাফিক পুলিশের আধিকারিকরা ৷

