পুলিশের চাকরির পরীক্ষায় নকল পরীক্ষার্থী, হাতেনাতে গ্রেফতার
নিউ আলিপুর কলেজে ছদ্মবেশে পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন এক যুবক ৷


Published : December 31, 2025 at 1:05 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: নিউ আলিপুর কলেজে ভুয়ো চাকরিপ্রার্থীর হদিশ, তাও আবার পুলিশের কনস্টেবলের পরীক্ষায় । অভিযোগ, ছদ্মবেশে পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন এক যুবক ৷
নিউ আলিপুর থানার অন্তর্গত নিউ আলিপুর কলেজে পরীক্ষা চলাকালীন ভুয়ো প্রার্থী চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ । অভিযুক্ত যুবকের নাম লাখাই ঘোষ । লালবাজার সূত্রের খবর, তিনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অধীন গিরিয়া-সেকান্দ্রা এলাকার বাসিন্দা রাজকুমার ঘোষের ছেলে ৷
পুলিশের অভিযোগ, 30 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার নিউ আলিপুর কলেজে কনস্টেবলের পরীক্ষার সময় অভিযুক্ত লাখাই ঘোষ নিজেকে মুর্শিদাবাদের সূতি থানার অন্তর্গত গোথা, চান্দি চক হাট এলাকার বাসিন্দা আবদুল খালেক বলে পরিচয় দেন । ভুয়ো পরিচয়ে পরীক্ষায় বসার চেষ্টা করছিলেন তিনি । তবে কলেজ কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ শাখার (SB) তৎপরতায় তিনি হাতেনাতে ধরা পড়ে যান ৷ তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গোটা বিষয়টি খতিয়ে দেখা হয় । তখনই সত্যিটা সামনে চলে আসে ৷
এই ঘটনার পর নিউ আলিপুর কলেজের ভেন্যু সুপারভাইজার তথা বিশেষ শাখার ইন্সপেক্টর প্রতাপ রায় চৌধুরীর লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় মামলা রুজু করা হয় । ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "গোটা বিষয়টির তদন্ত চলছে"।
পুলিশ জানায়, ঘটনার দিন সকাল 10টা 50 মিনিটে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । তাঁকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, তিনি পরিকল্পিতভাবেই অন্যের পরিচয় ব্যবহার করে কনস্টেবলের পরীক্ষায় বসার চেষ্টা করেছিলেন । এই ঘটনার সঙ্গে কোনও দালালচক্র বা বৃহত্তর জালিয়াতি চক্র যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।
এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে নিউ আলিপুর থানার সাব-ইন্সপেক্টর সুরজিৎ রায়ের হাতে । অভিযুক্ত লাখাই ঘোষকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আলিপুর আদালতের মাননীয় মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM)-এর এজলাসে পেশ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর । ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রগুলিতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে । একইসঙ্গে ভুয়ো প্রার্থী চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে তদন্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ ।

