বর্ষশেষের রাতে স্পেশাল পরিষেবা, উৎসব উদযাপনে রাত পর্যন্ত চলবে মেট্রো
বর্ষবরণে কলকাতাবাসীর জন্য বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোর ৷ ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো ৷

Published : December 31, 2025 at 9:21 AM IST
কলকাতা, 31 ডিসেম্বর: বর্ষবরণের আমেজে মেতে বঙ্গবাসী ৷ রাত পেরোলেই নতুন বছর 2026-এর শুরু ৷ নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তত সকলে ৷ আনন্দের আবহে বছরের শেষ দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন মানুষজন । পার্ক স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা কিংবা বো ব্যারাক, সর্বত্রই ভিড় থাকে চোখে পড়ার মতো । এমনকী, শহরতলির মানুষজনও এই দিনটিকে উপভোগ করতে চলে আসেন কলকাতার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলিতে । পার্ক থেকে মিউজিয়াম বা প্রেক্ষাগৃহ সর্বত্রই থাকে মানুষের ভিড় ।
বিশেষ এই দিনে সাধারণ মানুষের শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কোনও সমস্যা না-হয়, সেই কথা ভেবে বিশেষ পরিষেবার কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন ৷ বুধবার অর্থাৎ বছরের শেষ দিন ব্লু লাইনে 8টি অতিরিক্ত মেট্রো পরিষেবা চালাবার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । সেই সঙ্গে, এদিন শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10টা 30 মিনিটে ।
যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রোর কর্তৃপক্ষ ৷ বুধবার কলকাতা মেট্রোর লাইন 1-এ আপ ও ডাউন লাইন মিলিয়ে থাকছে 8টি বাড়তি মেট্রো পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 4টি আপ ও 4টি ডাউন মেট্রো থাকছে । দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ও শহিদ ক্ষুদিরামের মধ্যে চলবে পরিষেবাগুলি । দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে আর একটি মেট্রো ।
পরিষেবার সময়সূচি
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে, রাত 9.52 মিনিটে, রাত 10.05 মিনিটে এবং রাত 10.18 মিনিটে ৷
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো মিলবে রাত 9.54 মিনিটে, রাত 10.04 মিনিটে এবং রাত 10.17 মিনিটে ।
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার জন্য মেট্রো মিলবে রাত 10.30 মিনিটে ।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই আটটি বিশেষ মেট্রো বুধবার রাত 9টা 40 মিনিট থেকে পরিষেবা দেবে । যদিও, ব্লু লাইনে বুধবার দিনের প্রথম মেট্রো অন্যান্য দিনের মতো একই সময় ছাড়বে । এদিকে গ্রিন, ইয়েলো, পার্পেল ও অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন নেই ৷ বছরের বাকি দিনের মতো স্বাভাবিক থাকবে পরিষেবা ।
বড়দিন থেকে 1 জানুয়ারি, এই এক সপ্তাহ ধরে আনন্দে মজে থাকেন 8 থেকে 80 সকলে ৷ এর আগে বড়দিনে যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবা দিয়েছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এবার বর্ষবরণের জন্যও বিশেষ পরিষেবা চালাবে মেট্রো ৷

