ETV Bharat / state

বন্ধ আকাশপথ ! যুদ্ধের জেরে মদিনায় আটকে মেয়রের স্ত্রী-কন্যা, দুশ্চিন্তায় ফিরহাদ

ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে মদিনায় আটকে ফিরহাদ হাকিমের স্ত্রী-কন্যা-নাতনি ৷ কলকাতার কবে ফিরবেন, জানেন না মেয়র ৷

Firhad family stranded in Medina
ফিরহাদ হাকিমের পরিবার (প্রিয়দর্শিনী হাকিম সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 1:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: জীবনের প্রথম মদিনা সফর, তাও আবার রমজান মাসে ৷ আর সেখানে গিয়েই ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী ৷ সঙ্গে রয়েছেন ফিরহাদের স্ত্রী ও নাতনি। ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশে পরিস্থিতি ভয়াবহ ৷ মদিনায় এখন কী পরিস্থিতি ও তাঁর অনুভূতি কেমন, তা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ফিরহাদকন্যা ৷ যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন কলকাতা মেয়র ৷

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফিরহাদ জানিয়েছেন, চিন্তা তো একটা থাকেই ৷ স্ত্রী, কন্যা, নাতনি বিদেশের মাটিতে আটকে ৷ আগামী বুধবার ফেরার কথা, আকাশপথ যদি খুলে যায় তাহলে সমস্যা নেই ৷ যদি যুদ্ধ চলতে থাকে তাহলে এখন চিন্তার বিষয় ৷ লাগাতার ফোনে যোগাযোগ হচ্ছে ৷ এখনও পর্যন্ত সবটাই ঠিকঠাক আছে ৷

ভিডিয়ো পোস্ট করেন ফিরহাদকন্যা (প্রিয়দর্শিনী হাকিম সোশাল মিডিয়া)

সোশাল মিডিয়ায় ফিরহাদকন্যা জানান, মদিনার পরিবেশ তাঁর মন ছুঁয়ে গিয়েছে ৷ রমজান মাসে প্রথমবার সেখানে এসে উচ্ছ্বসিত প্রিয়দর্শিনী। তবে দুবাইয়ের আকাশে মিশাইল হানার জেরে আটকে পড়েছেন তাঁরা ৷ পবিত্র রমজান মাসে যারা যুদ্ধ করেছেন তাঁদের শুবুদ্ধি দিক আল্লা ৷ এমনই কথা তুলে ধরে মনের পরিস্থিতির কথা ভিডিয়োয় ব্যক্ত করেছেন তিনি ৷ 4 মার্চ ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সম্পূর্ণ বন্ধ।

FIRHAD HAKIM DAUGHTER PRIYADARSHINI
ফিরহাদের মেয়ে-স্ত্রী-নাতনি (প্রিয়দর্শিনী হাকিম সোশাল মিডিয়া)

মদিনা থেকে মেয়রকন্যা প্রিয়দর্শিনী হাকিম জানান, পবিত্র রমজান মাসে প্রথম উমরাহ করতে এসেছেন ৷ সঙ্গে মা ও মেয়ে রয়েছেন ৷ মদিনার পরিবেশ দেখে তিনি আপ্লুত ও আনন্দিত। তিনি বলেন, "মদিনার ভিতর মহিলা থেকে শিশুরা কী করে, মানুষ কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেন তা আমার মন ছুঁয়ে গিয়েছে ৷ এরপরই আক্ষেপ প্রকাশ করেন ফিরহাদকন্যা ৷ ভিডিয়োয় তিনি যুদ্ধ পরিস্থিতির কথা সম্পর্কে বলেন, "আমি বিশ্বের কোনও খবর রাখছিলাম না ৷ শুধু আমাদের SIR সংক্রান্ত খবর ছাড়া ৷ তবে জানতে পারি, ইরান আক্রমণ করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী-সহ একাধিক দেশের উপর। আমি ভাবছিলাম এখান থেকে ফিরে মানুষজনকে বলতে পারব আমাদের সম্প্রদায় কতটা শান্তিপ্রিয় !"

এরপরই প্রিয়দর্শিনীর সংযোজন, "বিশ্বাসের বিভিন্ন ভাষাভাষী, সংস্কৃতির ইসলামিক মানুষের মিলনস্থল ৷ তবে মনে করি বিশ্বাসের শক্তিধররা কোনও ধর্ম মেনে চলেন ৷ কারণ পবিত্র রমজান মাসে যখন মানুষ আল্লার কাছে শান্তি কামনা করেন ৷ আর সেইসময় কোনও মানুষকে মারা ঠিক নয়। যে মানুষগুলো রোজা রেখেছে সেই মানুষগুলোকে মারছে । যারা এহেন কাজ করছে তাঁরা কোনও ধর্মের হতে পারে না। এমন ঘটনা কোনও ধর্ম শেখায় না যে, তুমি তোমার মানুষকে মারো ! আল্লা তাঁদেরও সুবুদ্ধি দিক, বোঝাক।"

FIRHAD HAKIM DAUGHTER PRIYADARSHINI
ফিরহাদের মেয়ে ও নাতনি (প্রিয়দর্শিনী হাকিম সোশাল মিডিয়া)

তাঁর আরও সংযোজন, "যেখানে লেখা আছে রমজানের পবিত্র মাসে যুদ্ধ করা যায় না সেখানে কীভাবে এই আক্রমণ ? মানুষের মনুষ্যত্ব আবার ফিরিয়ে দাও ৷ এই প্রার্থনা করব। আমি কিছু ভিডিয়ো দেখে আবেগী হয়ে গিয়েছিলাম। যেখানে মানুষ প্রার্থনা করছে শান্তির জন্য সেইসময় কেউ এইভাবে যুদ্ধ করতে পারে...?" তিনি শেষে জানিয়েছেন, তাঁরা তিন জনই নিরাপদ আছেন ৷ সেখানে সেনাবাহিনীর সংখ্যা বেড়েছে ৷ আকাশপথ বন্ধ, ফলে কবে ফিরতে পারবেন এখন তাঁদের কাছে এর কোনও উত্তর নেই ।"