ETV Bharat / state

কোনও ধরনের নির্মাণে 'না' সরোবরে, 6 ক্লাবের সঙ্গে প্রথম একাধিক বিষয়ে আইনি চুক্তি কেএমডিএর

10 বছরের চুক্তিতে আইনি বিধিনিষেধে বাঁধা হল ক্লাবগুলিকে ৷ নির্ধারিত সময়ের পর বৃদ্ধি পাবে ভাড়াও ৷

CLUBS IN RABINDRA SAROBAR
রবীন্দ্র সরোবর ও সংলগ্ন 6 ক্লাবের সঙ্গে আইনিচুক্তি কেএমডিএ’র ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 8:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 নভেম্বর: রবীন্দ্র সরোবরে দীর্ঘ সময় ধরে রয়েছে ছ’টি ঐতিহ্যবাহী ক্লাব ৷ তবে, এতদিন সেই ক্লাবগুলির সঙ্গে কোনও আইনি চুক্তি ছিল না সরকারের ৷ চলতি মাসে সম্প্রতি রবীন্দ্র সরোবরে থাকা সেই ক্লাবগুলির সঙ্গে আইনি চুক্তি করল কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ ৷ যেখানে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে নির্মাণ সংক্রান্ত চুক্তি ৷ বলা হয়েছে, স্থায়ী বা অস্থায়ী কোনরকম নির্মাণ করা যাবে না রবীন্দ্র সরোবরে ৷

এমনকি রবীন্দ্র সরোবরের ভিতরে ও তার আশেপাশে এই ছয় ক্লাবের অবস্থানের জন্য কোনও নির্দিষ্ট অর্থ সরকারের ঘরে আসতো না ৷ তাই নির্দিষ্ট কোনও মাসিক বা বার্ষিক ভাড়া ছিল না ৷ কেএমডিএ-র তরফে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হলে, সেটা ক্লাব কর্তারা বোঝাপড়া করে নিতেন ৷ আবার কোথাও কাঠামোগত নির্মাণের ক্ষেত্রেও আইনিভাবে বাধা দেওয়ার ক্ষেত্রে খামতি ছিল ৷ নয়া চুক্তি অনুযায়ী, বার্ষিক ভাড়া নির্ধারণ ও কাঠামো নির্মাণে রাশ টানা যাবে ৷ কেএমডিএ মনে করছে, এই চুক্তির মাধ্যমে ক্লাবগুলিকে একটি আইনি বাধ্যবাধকতায় আনা সম্ভব হবে ৷

কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি সূত্রে খবর, তাদের সঙ্গে রবীন্দ্র সরোবর সংলগ্ন তিনটি ও সরোবর চত্ত্বরে থাকা আরও তিনটি, মোট 6টি ক্লাবের সঙ্গে চুক্তি সই হয়েছে ৷ এই ক্লাবগুলি হলো, লেক ফ্রেন্ডস, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন, অ্যান্ডারসন ক্লাব, বেঙ্গল রয়িং ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাব ও লেক ক্লাব ৷

নতুন চুক্তিতে দু’টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ প্রথমটি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী, স্থায়ী বা অস্থায়ী কোনরকম নির্মাণ করা যাবে না ৷ দ্বিতীয়ত, নির্দিষ্ট পরিমাণ ভাড়া দেওয়া ও নির্ধারিত সময়ে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয় ৷ অর্থাৎ, নতুন চুক্তি অনুযায়ী এই ক্লাবগুলি বর্তমান কাঠামোর উপরে বা আশপাশে কোনরকম বর্ধিত কাঠামো, তা স্থায়ী বা অস্থায়ী যাই হোক না-কেন, নির্মাণ করতে পারবে না ৷

শুধুমাত্র বর্তমান যে কাঠামো রয়েছে, তা রক্ষণাবেক্ষণের স্বার্থে মেরামতি ও রংয়ের কাজ করাতে পারবে ক্লাবগুলি ৷ জানা গিয়েছে, 10 বছরের জন্য এই চুক্তি করা হয়েছে ৷ আর 5 বছর অন্তর প্রদেয় ভাড়ার 10 শতাংশ বৃদ্ধি পাবে ৷ আপাত ঠিক হয়ছে প্রতি বর্গ ফুট নির্মিত এলাকার জন্য 2 টাকা 20 পয়সা ও খোলা জায়গার জন্য 1 টাকা 10 পয়সা করে ভাড়া দিতে হবে প্রতি মাসে ৷

এই প্রসঙ্গে কেএমডিএ এক আধিকারিক বলেন, "ক্লাবগুলি ঐতিহ্যবাহী ক্লাব ৷ দীর্ঘদিন যাবত এখানে আছে ৷ তাদের থেকে বোঝাপড়ার নিরিখে ন্যূনতম ভাড়া নেওয়া হতো ৷ কিন্তু, এবার সবটাই আইন মাফিক হল ৷ কোনও অঘোষিত বা নিয়মের বাইরে কিছু থাকছে না ৷ ক্লাবগুলি জানিয়েছিল, তারা 'ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট'-এর সঙ্গে অতীতে একটা চুক্তি করেছিল ৷ তবে, সেই সংস্থা এখন বর্তমান নেই ৷ তারা কোন চুক্তিপত্র দেখাতেও পারেনি ৷ সেটা বছর তিরিশ আগে করেছিল বলে জানিয়েছে ৷ আমরা প্রতিটি ক্লাব কর্তাদের নিয়ে আলোচনা করেই এই চুক্তি করতে পেরেছি ৷ এটা একটা ভাড়ার চুক্তি ৷ এর ফলে প্রতি ক্লাবের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা গেছে ৷"