ETV Bharat / state

ডগ ক্যাচার দেখলেই দৌড় পথকুকুরদের, টিকাকরণে পুরনিগমের ভরসা সারমেয়প্রেমীরা

কলকাতার প্রতিটি ওয়ার্ডে হবে এই টিকাকারণ ও নির্বীজকরণ কর্মসূচি । চলবে বছরভর ।

stray dogs vaccination
পথকুকুরদের টিকাকরণে পুরনিগমের ভরসা সারমেয়প্রেমীরা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 3, 2025 at 7:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 ডিসেম্বর: ডগ ক্যাচার দেখলেই দৌড় দিচ্ছে পথকুকুররা ৷ তাই শহরজুড়ে টিকাকরণে কলকাতা পুরনিগম ভরসা রাখছে সেই সারমেয়প্রেমীদের উপরই ৷ তাঁরাই এলাকা ও আশপাশের কুকুরদের আদর যত্নে তুলে এনে টিকাকরণ করাতে পুরনিগমকে সাহায্য করছেন ।

আর যেখানে নির্বীজকরণের বিষয়, সেখানে কুকুরকে আগে ডগ পাউন্ড এনে 7 দিন রেখে তারপর নির্বীজকরণ করে, সুস্থ করে ফের পুরনো জায়গায় ছেড়ে আসা হবে । সেই ক্ষেত্রে সহযোগিতা করবে রাজ্যের প্রাণিসম্পদ দফতর ।

stray dogs vaccination
বছরভর চলবে টিকাকারণ ও নির্বীজকরণ কর্মসূচি (নিজস্ব ছবি)

মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে পর পথকুকুরদের থেকে নাগরিকদের নিরাপদ রাখতেই মাঠে নেমেছে কলকাতা পুরনিগম । সেই উদ্দেশ্যেই মঙ্গলবার থেকে শহরে শুরু হয়েছে প্রতি ওয়ার্ডে পথকুকুরদের টিকাকারণ ও নির্বীজকরণ কর্মসূচি । চলবে এক বছর ধরে । আনুষ্ঠানিক এই কর্মসূচির উদ্বোধন হয়েছে কলকাতার 70 নম্বর ওয়ার্ডে । উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ দায়িত্বপ্রাপ্ত ও ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্তারাও । বুধবার 70 নম্বর ওয়ার্ডের 7-10টি পথকুকুরকে দেওয়া হয়েছে টিকা ।

stray dogs vaccination
শহরে শুরু পথকুকুরদের টিকাকারণ ও নির্বীজকরণ কর্মসূচি (নিজস্ব ছবি)

সারমেয়প্রেমীদের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর ফের একপ্রকার বাধ্য হয়ে পুর প্রশাসনকে রাস্তায় নামতে হয়েছে । লোকবলের অভাবের জেরে শহরে কত পথকুকুর রয়েছে তার নির্দিষ্ট কোনও হিসেব নেই কলকাতা পুরনিগমের কাছে । দীর্ঘদিন বন্ধ ছিল টিকা ও নির্বীজকরণের কাজ । এর জেরে আরও বেড়েছে সেই সংখ্যা । পুরনিগমের কাছে নেই পর্যাপ্ত ডগ ক্যাচার, নেই গাড়ি । অগত্যা ভরসা এলাকার সারমেয়প্রেমীরা ।

কলকাতা পুরনিগমের এক আধিকারিক অবশ্য লোকবলের অভাবের বিষয়টি মানতে চাননি । তাঁর কথায়, "ডগ ক্যাচার বা কুকুরের গাড়ি নিয়ে গিয়ে এটা করা যাবে না । কারণ ওরা গন্ধ পেলেই ত্রিসীমানায় থাকে না, দৌড় দিয়ে পালিয়ে যায় । তাই আমরা এলাকার সারমেয়প্রেমীদের এই কাজে সহায়তা নিচ্ছি । তাঁরা আদর করে নিয়ে আসছেন পথককুরদের, আমরা টিকা দিচ্ছি । সুষ্ঠুভাবেই বুধবার সেটা হয়েছে । আশা করছি আগামিদিনে এই পদ্ধতি সফল হবে ।"

উল্লেখ্য, কয়েক বছর আগে রাজ্যের তরফে এই কাজটি করতে একটি তহবিল দেওয়া হয়েছিল । কিন্তু এইবার সেটা কলকাতা পুরনিগমের তরফে নিজ খরচে করা হচ্ছে । পুরনিগমের কাছে সরকারিভাবে কুকুরের সংখ্যা না থাকলেও বেসরকারি মতে কমবেশি 84 হাজারের উপর পথকুকুর আছে কলকাতায় ।