ETV Bharat / state

খরচ হবে 200 কোটি, জমা জলের যন্ত্রণা মেটাতে একাধিক নিকাশি প্রকল্প পুরনিগমের

পামার বাজার পাম্পিং স্টেশনের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে ৷ হৃষিকেশ পার্কে তৈরি হচ্ছে নতুন পাম্পিং স্টেশন ৷

Kolkata Waterlogging Issue
উত্তর কলকাতার জমা জলের যন্ত্রণা মেটাতে একাধিক নিকাশি প্রকল্প KMC-র ৷ (ছবি- কলকাতা পুরনিগম)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 8:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 ফেব্রুয়ারি: উত্তরের বিস্তীর্ণ এলাকা ও মধ্য কলকাতার কিছু অংশে বিভিন্ন নিকাশি প্রকল্প শুরু করছে কলকাতা পুরনিগম ৷ আর এই নিকাশি প্রকল্পের কাজের জন্য 200 কোটি টাকার বেশি খরচ করবে কলকাতা কর্পোরেশন ৷ সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেএমসি সূত্রে খবর ৷ বলা হচ্ছে, কর্তৃপক্ষের মূল লক্ষ্য কলকাতার এই বিস্তীর্ণ অংশে বর্ষায় জমা জলের সমস্যায় ইতি টানা ৷ ফলে এই বিপুল পরিমাণ অর্থের নিকাশি প্রকল্প বাস্তবায়িত হলে উপকৃত হবেন উত্তর ও মধ্য কলকাতার নাগরিকরা ৷

এই প্রকল্পগুলির সব থেকে বড় কাজ হবে মৌলালি থেকে পামার বাজারের মধ্যে ৷ এই এলাকায় ব্রিটিশ আমলের ভূগর্ভস্থ বিরাট নিকাশি নালার পলি নিষ্কাশন, মেরামতি, রাসায়নিক লেয়ারিং করা হবে ৷ এই কাজ হলে শিয়ালদা, বউবাজার, রাজাবাজার, মানিকতলা এলাকার 12 থেকে 14টি ওয়ার্ডের প্রায় 15 লাখ বাসিন্দা বর্ষার জমা জলের ভোগান্তি থেকে মুক্তি পাবেন ৷ এমনকি পামার বাজার পাম্পিং স্টেশনের খোলনলচে বদলে দেওয়া হবে ৷ যার ফলে জল নিকাশি ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে ৷

কলকাতা পুরনিগম সূত্রে খবর, পামার বাজার পাম্পিং স্টেশনে বসানো হবে দু’টি বড় পাম্প ৷ সেই সঙ্গে আরও আটটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসানো হবে ৷ ফলে বর্ষাকালে বিপুল পরিমাণে জল জমলেও মুহূর্তের মধ্যেই তা খালে ফেলে দেওয়া সম্ভব হবে ৷

এদিকে কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট চত্বরে জল নিষ্কাশনের জন্য হৃষিকেশ পার্কে একটি পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে ৷ দ্রুত গতিতেই সেটার কাজ চলছে বলে কেএমসি-র নিকাশি বিভাগ সূত্রে খবর ৷ এই পাম্পিং স্টেশন হলে সুকিয়া স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, বিদ্যাসাগর এলাকার জমা জলের সমস্যার সুরাহা হবে ৷ ফলে এলাকায় দীর্ঘ সময় জল দাঁড়াবে না ৷

এদিকে মৌলালিতে নিকাশির কাজ সম্পন্ন হলে এপিসি রোড, রফিক কিডওয়াই রোড, সিআর অ্যাভিনিউয়ের একাংশ, লেনিন সরণি ও এপিসি রোডের বিস্তীর্ণ অংশে বর্ষাকালে জল দাঁড়াবে না-বলে দাবি কলকাতা পুুরনিগমের ৷ উত্তর কলকাতার দু’টি বড় রাস্তার নিকাশি পাইপ সংস্কার করে জল যাওয়ার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে ৷ এই এলাকাগুলি হল বিডন স্ট্রিট, সাহিত্য পরিষদ ও গোরাবাগান স্ট্রিট ৷

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "রাস্তা ও পরিবেশ যেমন আগামী দিনে মূল নজরে থাকব, তেমনই প্রাধান্য পাবে নিকাশি ব্যবস্থা ৷ বিশেষ করে উত্তরের বিস্তীর্ণ এলাকা ও মধ্য কলকাতায় যাতে আর ওয়াটার পকেট না-থাকে, সেই চিন্তাভাবনা করেই পরিকল্পনা করা হয়েছে ৷ উত্তরের জল জমার সমস্যার সুরাহা হবে মৌলালির কাজটা হলেই ৷ এদিকে মধ্য কলকাতার হৃষিকেশ পার্ক এলাকায় কাজ জোরকদমে চলছে ৷ শুধু পাম্পিং স্টেশনের ক্ষমতা বৃদ্ধি নয়, জল বের করতে বড় ব্যাসের নিকাশি পাইপ বসানো হচ্ছে ৷ পাম্পের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে ৷"