ETV Bharat / state

বড়দিন-নববর্ষে আগাম বিনোদন কর আদায়, নাইট ক্লাব-পানশালায় অভিযানে কর্পোরেশন

প্রতিবছর বড়দিন ও ইংরেজি নববর্ষে বিনোদন কর ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে নাইটক্লাব ও বারগুলির ৷ তাই আগাম কর আদায়ের সিদ্ধান্ত কলকাতা পুরনিগমের ৷

KMC ENTERTAINMENT TAX
প্রতীকী ছবি ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 9:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: প্রতিবছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ, বড়দিনের আগের রাত থেকে উৎসবের মেতে ওঠে শহর কলকাতা ৷ 24 ডিসেম্বর রাত থেকেই শহরের সব ছোট-বড় হোটেল, নাইট ক্লাব ও বারগুলিতে হয় বিশেষ অনুষ্ঠান ৷ এর জন্য কলকাতা পুরনিগমকে দিতে হয় বিনোদন কর ৷ কিন্তু, অনেক ক্ষেত্রে সেই বিনোদন কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে বলে অভিযোগ ৷ তাই এবার আগাম সেই বিনোদন কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন ৷

জানা গিয়েছে, 23 ডিসেম্বর রাত থেকেই শহরের বিভিন্ন হোটেল, নাইট ক্লাব ও পানশালায় অভিযান চালানো হবে কলকাতা কর্পোরেশনের কর বিভাগের তরফে ৷ কিন্তু, সমস্যাও রয়েছে এক্ষেত্রে ৷ কারণ, কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় হোটেল, নাইট ক্লাব, পানশালা ও রেস্তরাঁ ৷ সেই সব জায়গায় একসঙ্গে হানা দেওয়ার মতো আধিকারিক ও কর্মী নেই ৷ তাই অল্প লোকবল নিয়েই ধাপে-ধাপে রোজ এই অভিযান চলবে ৷

পুরনিগম সূত্রে খবর, কোথায়, কী ইভেন্ট হচ্ছে ? সেখানে কত লোকের প্রবেশ ঘটছে ? টিকিটের মূল্য কত ? সেই মতো পুর-বিনোদন কর মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হবে ৷ উল্লেখ্য, যেখানে বড়দিন ও নববর্ষের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে আসা অতিথিদের জন্য আগাম টিকিট বা পাস করতে হয় ৷ সেই পাসের সংখ্যা অনুযায়ী কলকাতা পুরনিগমকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনোদন কর বাবাদ জমা দিতে হয় ৷

কিন্তু, এমন অনেক ক্লাব, বার থাকে, যারা এর জন্য কলকাতা পুরনিগমের থেকে আগাম অনুমতি নেয় না ৷ এই অভিযানে সেই সব হোটেল, ক্লাব ও বারগুলিকে জরিমানা করবে কলকাতা পুরনিগমের কর বিভাগ ৷ পাশাপাশি, পাস বিক্রির সংখ্যা জানিয়ে অনুমতি নেওয়া নাইট ক্লাব ও বারগুলির উপরেও নজর রাখা হবে ৷ পুরনিগমকে জানানো সংখ্যার থেকে অতিরিক্ত পাস বিক্রি হচ্ছে কি না, তাও দেখবে কর্তৃপক্ষ ৷ এই অভিযান নতুন বছরে 3 জানুয়ারি পর্যন্ত চলবে ৷

বড়দিন ও ইংরেজি নববর্ষের পার্টি চলাকালীন এই অভিযানগুলি হবে ৷ প্রতিবছরেই একাধিক দলে ভাগ হয়ে এই অভিযান চালানো হয় ৷ এ বছর কলকাতায় উত্তর ও দক্ষিণে দু’টি দল দু’ভাগে অভিযান চালাবে ৷ বিগত বছরগুলিতে কলকাতা পুরনিগমের কোষাগারে কোটি-কোটি টাকার বিনোদন কর জমা পড়েছে বড়দিন ও নববর্ষের উৎসবে ৷

এই অভিযান প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "সন্ধে থেকে প্রতিদিন এই অভিযান শুরু হবে ৷ রাতেও চলবে ৷ অনুমতি না-থাকলে মোটা টাকা জরিমানা করা হবে ৷ অতীতেও জরিমানার ঘটনা ঘটেছে ৷ কারণ, এই বিশেষ অনুষ্ঠানগুলিতে এক একটি প্রতিষ্ঠান বিপুল টাকা রোজগার করে ৷ তবে, তাদের প্রবণতা হল বিনোদন কর ফাঁকি দেওয়া ৷ সেটা হতে দেওয়া যাবে না ৷ মাঠে বিভিন্ন মেলা জলসা হয় ৷ বিভিন্ন নামি শিল্পী, গায়ক আসেন ৷ সেই সব অনুষ্ঠানে টিকিটের দাম এমনই অনেক টাকা হয় ৷ ফলে তাদের থেকে পুর-আইন মোতাবেক বিনোদন কর আদায় করবে কর্তৃপক্ষ ৷"