শহরে নির্মাণ নিয়ে দেওয়া নির্দেশিকা শিথিল করা হল, কলকাতা কর্পোরেশন জারি নয়া নির্দেশিকা
কলকাতা কর্পোরেশন এক আধিকারিক জানাচ্ছেন, যেহেতু বোর্ড ভেঙে গেছে প্রশাসক বসেছে তাই এই হাই পাওয়ার কমিটি একটা আনুষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে অনুমতি দেবে।

Published : July 3, 2026 at 11:06 PM IST
কলকাতা, 3 জুলাই: তরাতলা বিপর্যয়ের জেরে কলকাতায় সমস্ত ধরনের নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তৈরি হয়েছিল হাই পাওয়ার কমিটি। এবার সেই কমিটির ছাড়পত্র পেলেই কাজ শুরু করা যাবে নির্মাণ স্থলে। পাশাপশি, পরিদর্শনে গিয়ে সব ঠিক থাকলে নির্মানকারীকে একটি আনুষ্ঠানিক আবেদনের বিনিময় অনুমতি দেওয়া হবে। আজ কলকাতার প্রশাসক স্মিতা পাণ্ডে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন।
নির্দেশিকা অনুসারে বলা হয়ছে, 24.06.2026 তারিখের নির্দেশিকার আংশিক সংশোধন করা হল। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের মুখ্য সচিবের 24.06.2026 তারিখের 1315/UDMA-15011 (12)/392/2022-LS-MA বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, এতদ্বারা স্পষ্ট করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের 25.06.2026 তারিখের 208-CS/2026 আদেশের অধীনে গঠিত উচ্চ-স্তরের কমিটি কর্তৃক নো অবজেকশন সার্টিফিকেট বা গো অ্যা হেড সার্টিফিকেট প্রাপ্তব্য নির্মাণ স্থলগুলো ( অবশ্যই কলকাতা কর্পোরেশনের আওতাধীন এলাকায়) 1 থেকে 16 নম্বর বোরো এলাকার নির্মাণকাজ শুরু করতে পারবেন। এই বিষয়টি কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ইমেল বা হাতে হাতে সংশ্লিষ্ট আবেদনকারীকে জানানো হবে।
পাশাপাশি আজ এই নির্দেশিকায় বলা হয়, এতদ্বারা আরও স্পষ্ট করা হচ্ছে যে, উপরে উল্লিখিত 1315/UDMA-15011 (12)/392/2022-LS-MA তারিখ 26.06.2026 বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, নিম্নোক্ত বিস্তারিত কার্যকলাপ/নির্মাণগুলি এখন এই বিজ্ঞপ্তির আওতার বাইরে আনা হচ্ছে।
- শ্রমিক, পার্শ্ববর্তী সম্পত্তি এবং সাধারণ জনগণের ঝুঁকি প্রতিরোধের জন্য স্থগিতাদেশ চলাকালীন নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র নিম্নলিখিত অত্যাবশ্যকীয় নিরাপত্তা-সম্পর্কিত কার্যক্রমগুলো একটি নিরাপদ ও স্থিতিশীল পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
- যেখানে বেসমেন্ট নির্মাণ, গভীর বা অগভীর ভিত নির্মাণ জন্য খনন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, সেখানে মাটির ধস রোধ করতে এবং সংলগ্ন সম্পত্তি সুরক্ষিত রাখার উদ্দেশ্যে শিট পাইলিং, রিটেইনিং স্ট্রাকচার, খনন স্থিতিশীলকরণ কাজ, জল নিষ্কাশন কার্যক্রম এবং ব্রেসিং সিস্টেমের কাজ সম্পন্ন করা যাবে।
- কর্পোরেশন কর্তৃপক্ষের বৈধ অনুমোদন সাপেক্ষে পুরাতন ও জরাজীর্ণ ভবনসমূহের মেরামত ও সংস্কার কাজ করা যাবে।
- বর্ষায় জল জমে থাকা প্রতিরোধ করতে, মশার বংশবৃদ্ধির অনুকূল পরিস্থিতি দূর করার জন্য অপরিহার্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
- প্রবল দমকা হাওয়া থেকে উদ্ভূত ঝুঁকি প্রশমনের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যার মধ্যে রয়েছে মাচা, মঞ্চ, নিরাপত্তা জাল এবং অস্থায়ী সহায়ক কাঠামো স্থাপন বা অপসারণ করা।
- ক্রেন লাগানো বা অপসারণ, যেখানে এই ধরনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলমান রয়েছে সেটা করা যাবে।
কলকাতা কর্পোরেশন এক আধিকারিক জানাচ্ছেন, নির্মাণ অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুর আইন অনুসারে মেয়র পরিষদের অনুমতি লাগে। মেয়র পরিষদ বৈঠক পাস করতে হয়। যেহেতু বোর্ড ভেঙে গেছে প্রশাসক বসেছে তাই এই হাই পাওয়ার কমিটি একটা আনুষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে অনুমতি দেবে।

