ETV Bharat / state

এবার কলকাতায় ফলবে লাখ টাকা দরের জাপানি মিয়াজাকি আম

আন্তঃরাজ্য পুষ্প প্রদর্শনীর ফল বিভাগের জন্য বিশেষভাবে মিয়াজাকির চাষ ৷ কলকাতা পুরনিগমের উদ্যান বিভাগের তত্ত্বাবধানে হচ্ছে ফলন ৷

MIYAZAKI MANGO
প্রতীকী ছবি ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 9, 2025 at 7:09 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 ডিসেম্বর: আমের ফলনে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ ৷ মালদা, মুর্শিদাবাদ ও হুগলির আম শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশেও সুখ্যাতি অর্জন করেছে ৷ তবে, বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট আম জাপানের মিয়াজাকি ৷ লক্ষাধিক টাকা মূল্যের সেই আমের ফলন এখন মালদা জেলাতেও হচ্ছে ৷ তার জন্য বিশেষ যত্ন নিতে হয় চাষিদের ৷ কিন্তু, সেই আম এবার ফলবে শহর কলকাতায় ৷ আর এর নেপথ্যে কলকাতা পুরনিগমের উদ্যান পালন বিভাগ ৷

গাঢ় লাল ও বেগুনি রঙের মিশেলে উৎপাদিত মিয়াজাকি আমের ফলন হবে উদ্যান পালন বিভাগের টালা পার্ক নার্সারিতে ৷ যার এক-একটির ওজন সাড়ে তিনশো গ্রামের থেকেও বেশি এবং আকারেও অনেক বড় ৷ ইতিমধ্যে, গাছকে ফলনের জন্য তৈরি করা হয়েছে ৷ তাতে মুকুল এসেছে ৷ আশা করা হচ্ছে, খুব দ্রুত ফলও হবে ৷ উল্লেখ্য, ভারত তথা মালদায় হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়ার মতো আমের ফলন প্রচুর হয় ৷ যা স্বাদে ও গন্ধে মিয়াজাকির থেকে অনেক এগিয়ে ৷

Miyazaki Mango
কলকাতা পুরনিগমের উদ্যান বিভাগের পরিচর্যায় টালা পার্কের নার্সারিতে মিয়াজাকি আমের গাছ ৷ (ছবি- কেএমসি)

তবে, জাপানের মিয়াজাকি আম বিখ্যাত তার রূপে ও আকারে ৷ আর দামে তো বটেই ৷ কয়েক লক্ষ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয় মিয়াজাকি ৷ তবে, কলকাতা পুরনিগমের এই মিয়াজাকি আমের ফলন ব্যবসার উদ্দেশে নয়, বরং প্রদর্শনীর জন্য ফলানো হচ্ছে বলে সূত্রে খবর ৷

প্রতি বছর কলকাতায় আন্তঃরাজ্য স্তরে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কলকাতা ও তার আশপাশে বিভিন্ন জায়গায় 20 থেকে 25টি প্রদর্শনীর আয়োজন হয় ৷ যেখানে কলকাতা পুরনিগমের উদ্যান পালন বিভাগ, রাজ্য সরকারের বিভিন্ন দফতর, এমনকি ভিনরাজ্যের পুরনিগম ও সরকারি সংস্থাগুলি অংশগ্রহণ করে ৷ যেখানে ফলের একটি প্রদর্শনী বিভাগ থাকে ৷

তবে, শুধু প্রদর্শনী নয় ৷ রীতিমতো প্রতিযোগিতা হয় ফল ও ফুলের ৷ প্রদর্শনীর সেরা ফল ও ফুলকে পুরস্কৃত করা হয় ৷ তেমনই ফল প্রদর্শনীতে মিয়াজাকি আম দর্শকদের জন্য রাখা হবে ৷ আর তা দেখতে শহরের বিভিন্ন প্রান্তে হওয়া সেই প্রদর্শনীতে যেতে হবে ৷ টালা পার্ক, বিধানসভা, পূর্ত দফতরের বাগান-সহ নানা জায়গায় তিনমাস ধরে হবে প্রদর্শনী ৷

তবে, অসময়ে আমের ফলন ধরানো বেশ কষ্টসাধ্য ৷ তাই কেএমসি-র উদ্যান পালন বিভাগের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন ৷ এ নিয়ে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "প্রতিবছর আমরা সেরা হই পুষ্প প্রদর্শনীতে ৷ এইবার প্রদর্শনীতে আমাদের ফ্রুট সেকশনে চমক থাকছে এই আম ৷ মালিরা অত্যন্ত যত্নের সঙ্গে খাটাখাটনি করে এই আমের ফলন করছেন, যা দেখলে তাক লেগে যাবে ৷ এছাড়া বারোমাসি, ভাস্তারা-সহ একাধিক প্রজাতির আম থাকবে আমাদের তরফে প্রদর্শনীতে ৷ গাছগুলি বেশ কয়েক মাস ধরে পরিচর্যা করতে হচ্ছে ৷ বড় চ্যালেঞ্জ হল, এই সময় আম ফলানো ৷ সেই অসাধ্য সাধন করবে আমাদের মালিরা ৷"