ETV Bharat / state

প্রদীপ করের মৃত্যুতে প্ররোচনার অভিযোগ, উদ্ধার হওয়া লেখার ফরেনসিক পরীক্ষা

প্রদীপ করের আগের কোনও হাতে লেখা বা সইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে নোটটি । মৃতের আত্মীয়ের দাবি, প্রৌঢ়ের ডান হাতের চারটি আঙুলই কাটা ছিল ৷

Pradeep Kar death
প্রদীপ করের মৃত্যুতে প্ররোচনার অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 30, 2025 at 3:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পানিহাটি, 30 অক্টোবর: পানিহাটি-কাণ্ডে নয়া মোড় ৷ এনআরসি আতঙ্কে প্রৌঢ়ের চরম পদক্ষেপের ঘটনায় এবার দায়ের হল তাঁকে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ । পাশাপাশি মৃত প্রদীপ করের লিখিত নোট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার রহস্য উদঘাটনে এবার সেই নোটের ফরেনসিক পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে খড়দা থানার পুলিশ ।

সূত্রের খবর, প্রদীপ করের মৃত্যু নিয়ে খড়দা থানায় অজ্ঞাত পরিচয় একাধিক ব‍্যক্তির বিরুদ্ধে নালিশ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর ভাইয়ের স্ত্রী । দায়ের হয়েছে অভিযোগও । সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে মামলাও রুজু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

Pradeep Kar death
নিহত প্রদীপ কর (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রদীপ করের লিখিত যে নোট মিলিছে তা ওই প্রৌঢ়ের আগের কোনও হাতে লেখা কিংবা স্বাক্ষর করা সইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে । এক্ষেত্রে কোয়েশ্চেন ডিপার্টমেন্ট এক্সাম ব‍্যুরোর সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন ব‍্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ পুলিশ কর্তা ।

পানিহাটিতে নিহত প্রদীপ করের লিখিত নোট ঘিরে প্রথম থেকেই বিতর্ক দানা বেঁধেছে । খোদ মৃতের পরিবারের এক আত্মীয়ের গলায় শোনা গিয়েছিল চাঞ্চল্যকর বয়ান । তিনি দাবি করেছিলেন, মৃত ওই প্রৌঢ়ের ডান হাতের চারটি আঙুলই কাটা ছিল । তাঁকে কোনওদিন লিখতে দেখেননি তিনি । প্রদীপ কর খুব বেশি পড়াশোনা জানতেন না । তার পরেও তিনি কীভাবে ওই নোটটি লিখলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিহতের আত্মীয় ।

Pradeep Kar death
প্রদীপ করের লিখিত নোট (নিজস্ব ছবি)

তাঁর বয়ানকে হাতিয়ার করে আসরে নামে গেরুয়া শিবিরও । স্থানীয় নেতা থেকে বিজেপির রাজ‍্য নেতৃত্ব, এমনকি খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একে 'ফলস কেস' বলে দাবি করে সরব হয়েছিলেন । এর নেপথ্যে এসআইআর কিংবা এনআরসির কোনও যোগসূত্র নেই বলেও মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা । প্রদীপ করের মৃত্যুর ঘটনায় মানসিক চাপকে দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন বিজেপির একাধিক নেতা ।

নিহতের সেই বিতর্কিত নোটের সমাধান সূত্র খুঁজতেই এবার আসরে নামল ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট । তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, মৃত প্রদীপ করের পাশ থেকে উদ্ধার হওয়া নোটটির ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হবে । যাতে বোঝা যায় লিখিত নোটটি আদতে প্রদীপ করের নাকি অন্য কারও ৷

Pradeep Kar death
প্রৌঢ়ের লিখিত নোটের ফরেনসিক পরীক্ষা করবে পুলিশ (নিজস্ব ছবি)

এই বিষয়ে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং বলেন, "প্রদীপ করের পরিবারের তরফে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার একটি অভিযোগ খড়দা থানায় গত পরশু রাতে জমা পড়েছে । আমরা সবটা খতিয়ে দেখছি ।" যদিও উদ্ধার হওয়া নোট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই পুলিশ কর্তা । তিনি জানান, "ঘটনার তদন্ত চলছে ।"

বুধবার পানিহাটিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রৌঢ় প্রদীপ করের মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাদের জন্য তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন তাদের আগামিদিনে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ড । এর পরেই অভিষেক আওয়াজ তুলে বলেন, 'সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর ।'

এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার পানিহাটিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস । এদিন বিকেল তিনটে নাগাদ আগরপাড়া স্টেশন থেকে বিটি রোডের তেঁতুলতলা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলাবেন দলীয় কর্মীরা । মিছিলের পুরোভাগে থাকবেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক তথা বিধানসভায় শাসক দলের মুখ‍্য সচেতক নির্মল ঘোষ'রা । মিছিল থেকে অভিষেকের বেঁধে দেওয়া 'সারা বাংলায় একটাই স্বর,জাস্টিস ফর প্রদীপ কর'-এই স্লোগানে গোটা আগরপাড়া অঞ্চল মুখর হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে ।