SIR শুনানিতে হাজিরা কার্গিল যোদ্ধার ! বললেন, নথি দিয়ে সাহায্য করা নাগরিক-কর্তব্য
2002-এর এসআইআর-এর সময় দেশের সেবায় নিয়োজিত ছিলেন ওই জওয়ান । সেই কারণে ভোটার তালিকায় নাম তুলতে পারেননি তিনি ৷

Published : January 10, 2026 at 4:26 PM IST
হবিবপুর (পশ্চিম মেদিনীপুর), 10 জানুয়ারি: এসআইআর শুনানিতে সমস্ত কাগজপত্র নিয়ে হাজিরা দিলেন এক কার্গিল যোদ্ধা । তবে শুনানিতে ডাক পেয়ে ক্ষোভ প্রকাশ করেননি তিনি ৷ বরং তাঁর কথায়, দেশের নাগরিকদের উচিত যাবতীয় নথি দিয়ে শুনানিতে সাহায্য করার ।
এখন গোটা রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় জোরকদমে চলছে এসআইআর-এর শুনানি পর্ব । আর এই শুনানি পর্বে যেমন ডাক পেয়েছেন সাংসদ, বিধায়ক অভিনেতা-অভিনেত্রী থেকে বিভিন্ন মন্ত্রীরা, তেমন এবার এই শুনানি পর্বে পশ্চিম মেদিনীপুর জেলায় ডাক পান এক অবসরপ্রাপ্ত জওয়ান, যিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন । ওই জওয়ানের নাম অনুপম সিংহ । 1978 সালে জন্ম তাঁর ৷ বাড়ি মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকায় ।

অনুপম সিংহ সেনার নায়েক পদে কর্মরত ছিলেন । 1999 সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি । পেয়েছিলেন অপারেশন বিজয় মেডেল । 2002-এর সময় কার্গিলে ব্যাটালিক সেক্টরে কর্মরত ছিলেন । 2017 সালে সেনা থেকে অবসর নেন অনুপম সিংহ । এরপর 2020 সালে মেদিনীপুর জেলাশাসকের দফতরে কাজে যোগ দেন তিনি । বর্তমানে তিনি অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত)-এর সিএ পদে কর্মরত রয়েছেন ।
236 মেদিনীপুর বিধানসভার 163 সরস্বতী বিদ্যামন্দির বুথে 994 সিরিয়ালে নাম রয়েছে অনুপমের । কিন্তু এই অনুপমের আদি বাড়ি চন্দ্রকোনা 2 নম্বর কেঁচকাপুর গ্রামে । তাঁর বাবা 42 বছর আগে মারা গিয়েছেন । মায়ের বা তাঁর নিজের নাম ছিল না 2002-এর ভোটার তালিকায় । তাই এসআইআর শুনানিতে ডাক পান তিনি ৷ বুধবার মেদিনীপুরের জেলাশাসকের অফিস চত্বরে এসআইআর-এর শুনানিতে হাজির হন 48 বছরের অবসরপ্রাপ্ত জওয়ান ।

এদিন এই শুনানি শেষে অনুপম সিংহ বলেন, "2002-এর শুনানির সময় দেশের সেবায় নিয়োজিত ছিলাম । সেই কারণে ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হয়নি । অবসরের পর মেদিনীপুরে ফিরে এসে ভোটার তালিকায় নাম তুলেছি । শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল । তাই শুনানিতে এলাম প্রয়োজনীয় সমস্ত কাগজ নিয়ে । সেনায় ছিলাম তারও প্রমাণপত্র নিয়ে এসেছি । তবে পিপিও এবং স্কুল সার্টিফিকেট জমা নিয়েছেন ।" পাশাপাশি এদিন শুনানিতে এসে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "এটা কোনও সমস্যা নয়, দেশের নাগরিকের কর্তব্য নথি দিয়ে এসআইআর শুনানিতে সাহায্য করার ।"

