ধর্ষকদের এভাবেই এনকাউন্টার করা হোক! বারুইপুর-কাণ্ডে শুভেন্দুকে কুর্নিশ কামদুনির টুম্পা কয়ালের
পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে তাঁর অভিযোগ, ধর্ষণ নিয়েও রাজনীতি করেছে আগের সরকার ৷

Published : July 9, 2026 at 12:59 PM IST
নিউটাউন, 9 জুলাই: বারুইপুরের বালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুকে ঘিরে সরগরম রাজ্য ৷ রাজ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা টেনে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা ৷ তবে এই এনকাউন্টারের সমর্থনে জোরালো সওয়াল করলেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল ৷ তাঁর মতে, ধর্ষকদের এভাবেই এনকাউন্টার হওয়া উচিত ৷ একইসঙ্গে, পূর্বতন সরকারেরও এদিন তীব্র সমালোচনা করেন টুম্পা কয়াল ৷
নিউটাউনের এক অনুষ্ঠানে এসে বারুইপুরের এনকাউন্টারের পর পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কামদুনি আন্দোলনের অন্যতম লড়াকু মুখ টুম্পা কয়াল । দীর্ঘদিন ধরে রাজ্যে নারী সুরক্ষার লড়াইয়ে অংশ নেওয়া এই প্রতিবাদী মুখ বারুইপুর পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন । টুম্পা কয়াল বলেন, "বারুইপুরের এনকাউন্টারের ঘটনায় আমরা অত্যন্ত খুশি হয়েছে ৷ ধর্ষকদের এভাবেই এনকাউন্টার করা হোক ৷ বিগত সরকারের কাছেও আমরা বারবার চেয়েছিলাম বিচার ৷ তবে সেই সরকার আমাদের বিচার দেয়নি ৷ আগের সরকার যদি ধর্ষকদের শাস্তি দিত, তাহলে 2026 সালে এই ফুটফুটে শিশুটিকে চলে যেতে হত না ৷ শিশুটি আজ আমাদের মধ্যেই থাকত ৷"
কামদুনির গণধর্ষণের ঘটনা স্মরণ করিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্বতন সরকারকে একহাত নেন টুম্পা কয়াল ৷ তিনি বলেন, "বিগত সরকার ধর্ষণের মতো ঘটনাকে নিয়ে বরাবর রাজনীতি করে গিয়েছে ৷ দোষীদের আড়াল করার চেষ্টা করেছে ৷ সারা ভারত জানে যে, কামদুনিতে যারা গণধর্ষণ করেছিল, যারা রেপের পর মেয়েটির দুটো পা ধরে নাভি পর্যন্ত চিড়ে দিয়েছিল, তাদের বাঁচানোর জন্য রাজ্য 14টা পিপি বদলেছিল হাইকোর্টে ৷ কীভাবে আসামিদের বেকসুর খালাস করা হয়েছিল, সেটাও আমরা দেখেছি ৷ হাইকোর্টের কাছে ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট সব মিথ্যে দেওয়া হয়েছিল ৷ সেই কারণে বিচারপতি জয়মাল্য বাগচী রায় দেওয়ার সময় বলেছিলেন, সিআইডি ও রাজ্য সরকারের গাফিলতির জন্য আমরা এই রায় শোনাতে বাধ্য হচ্ছি ৷"
তিনি আরও বলেন, "এবার কামদুনির বিচার চায় গোটা দেশ ৷ দেশ সেই সময় কামদুনির পাশে দাঁড়িয়েছিল ৷ 2023 সালে আমরা যখন হাইকোর্ট থেকে নিরাশ হয়ে ফিরেছিলাম, তখন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ৷ তাঁর কাছে আমাদের করজোড়ে নিবেদন, কামদুনি দ্রুত বিচার পাক ৷ কামদুনির ঘটনা এবার 14 বছরে পা দিল ৷"
বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে টুম্পা কয়ালের মুখে ৷ তাঁর কথায়, "গত 15 বছর ধরে আমরা স্বাধীন দেশে বাস করেও স্বাধীন হতে পারিনি ৷ আজ এই দু'মাসে আমরা নিজেদের স্বাধীন মনে করছি ৷ নারী আজ সুরক্ষিত ৷ বিগত বছরগুলোতে বাংলায় ধর্ষকদের স্রেফ ছেড়ে দেওয়া হচ্ছিল । কিন্তু অপরাধীদের মনে ভয় জাগাতে এবং সমাজকে কলঙ্কমুক্ত করতে ধর্ষকদের এভাবেই কঠোর সাজা পাওয়া উচিত । এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে অপরাধীরা আর কোনও নৃশংস কাজ করার সাহস পাবে না ৷"
দিনকয়েক আগে তামান্নার মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই দোষীরা গ্রেফতার হয়েছে এবং বরুণ বিশ্বাসের দিদি ও দাদাকে সেই পুরনো ফাইল ফের খোলার আশ্বাস দেওয়ার ঘটনা উল্লেখ করে রাজ্য সরকারকে কুর্নিশ জানান টুম্পা কয়াল ৷ তিনি আশাবাদী, এবার বিচার পাবে কামদুনিও ৷

