ETV Bharat / state

বন্যা দুর্গতদের পুনর্বাসনে অযথা দেরি নয়, কালিম্পংয়ে তৎপর বিধায়ক ভরত ছেত্রী

কালিম্পংয়ে জয়ী হয়েছেন বিজেপির ভরত ছেত্রী ৷ এদিন তিনি তিস্তা নদীর বন্যায় দুর্গতদের নতুন করে বাড়ি তৈরির জন্য় জমি পরিদর্শন করেন ৷

North Bengal Politics
কালিম্পংয়ের নবনির্বাচিত বিধায়ক ভরত ছেত্রী এবং অন্যরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 2, 2026 at 9:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 জুন: প্রাক্তন হকি খেলোয়াড় তথা কালিম্পংয়ের বিধায়ক ভরত ছেত্রী কালিম্পং থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং তারপরই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে তাঁকে ৷ নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিস্তার বিধ্বংসী হড়পা বানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবেন এবং তাঁদের মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা করে দেবেন ৷

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে মঙ্গলবার তিনি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেন ৷ এদিন বিধায়ক ভরত ছেত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (ADM), সংশ্লিষ্ট বিডিও, বনদফতরের আধিকারিক, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক-সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা ৷ তারা তিস্তা, মল্লি, রাম্ফু, তারখোলা এবং ভালুখোলা-সহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতির সরেজমিনে পর্যালোচনা করেন ৷

পরিদর্শনের সময় প্রশাসনের তরফে পূর্বে করা ভূমি সমীক্ষারও পুনর্মূল্যায়ন করা হয় ৷ জেলা প্রশাসনের তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পুনর্বাসনের উদ্দেশ্যে জমি চিহ্নিতকরণের কাজও খতিয়ে দেখা হয় ৷ জানা গিয়েছে, তালিকাভুক্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যায়ক্রমে তিন ডেসিমেল করে জমি প্রদান করা হবে এবং সেই জমিতে সরকারি প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণ করে দেওয়া হবে ৷

বিধায়ক ভরত ছেত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আশ্বাস দেন যে সরকার তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে ৷ তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন, যাতে পুনর্বাসন প্রক্রিয়ায় অযথা বিলম্ব না হয় ৷

এই প্রসঙ্গে বিধায়ক ভরত ছেত্রী বলেন, "আমরা বর্তমানে দুই স্তরে কাজ করছি ৷ প্রথমত, স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় যেসব পরিবারের মাথার উপর ছাদ নেই, তাদের জন্য বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে ৷ দ্বিতীয়ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তাঁদের জীবন-জীবিকা, নিরাপত্তা এবং অন্যান্য সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ৷ শুধু ঘর তৈরি করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের ভবিষ্যতও সুরক্ষিত করতে হবে ৷"

তিনি আরও জানান, তিস্তা বন্যা শুধুমাত্র বাড়িঘর ধ্বংস করেনি, বহু মানুষের জীবিকা, কৃষিজমি এবং দৈনন্দিন জীবনযাত্রাকেও বিপর্যস্ত করেছে ৷ তাই পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে ৷

বিধায়কের এই উদ্যোগে বন্যা দুর্গত পরিবারগুলির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে ৷ দীর্ঘদিন ধরে পুনর্বাসনের অপেক্ষায় থাকা বহু পরিবার প্রশাসনের এই সক্রিয় ভূমিকা এবং বিধায়কের সরাসরি হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ৷ তাঁরা আশা প্রকাশ করেছেন, এবার তাঁদের স্থায়ী পুনর্বাসনের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথ সুগম হবে ৷