যাদবপুরে রেজিস্ট্রার নিয়োগ বিতর্কে কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়ামক পদে বদল
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিযুক্ত হন সেলিমবক্স মণ্ডল৷ তাঁকে গত বুধবার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামকের পদ থেকে সরানো হল৷

Published : December 5, 2025 at 9:26 PM IST
কলকাতা, 5 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নিয়োগকে কেন্দ্র করে শাসকদল তৃণমূলের অধ্যাপক মহলে যে তীব্র বিরোধ প্রকাশ্যে এসেছিল, তার প্রভাব কার্যত পড়ল কলেজ সার্ভিস কমিশনে। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদ থেকে সরিয়ে দেওয়া হল সেলিমবক্স মণ্ডলকে।
রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই নিয়ে গত বুধবার (3 ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি জারি করেছে৷ সেখানে জানানো হয়েছে, ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ শুভ্রনীল সোমকে কলেজ সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা নিয়ামক হিসাবে নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাবেন।
কী কারণে সেলিমবক্সকে সরানো হল, এই নিয়ে অবশ্য প্রশাসনের কেউ মুখ খুলতে চাননি৷ প্রশাসনের তরফে বিষয়টি রুটিন পদক্ষেপ বলেই উল্লেখ করা হয়েছে৷ এই নিয়ে সেলিমবক্স মণ্ডলও কোনও মন্তব্য করতে চাননি৷
যদিও কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদে সেলিমবক্সের বিরুদ্ধে অভিযোগের দীর্ঘ তালিকা আগেই শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার একাংশ তুলে ধরেছিল। যাদবপুরের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের ইসি সদস্য মনোজিৎ মণ্ডল ছিলেন সেই অভিযোগের প্রধান মুখ।
মনোজিৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করেন, পরীক্ষা নিয়ামক পদে থেকে সেলিমবক্স নানা অনিয়ম করেছেন। তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় সেলিমবক্স ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কমিশনের চেয়ারম্যানের প্রাপ্য নানা সুবিধাও নিজের নামে ভোগ করেছেন। পরবর্তী সময়ে সেই বার্তার স্ক্রিনশট প্রকাশ্যে চলে আসায় বিরোধ আরও ঘনীভূত হয়।
শুধু শিক্ষামন্ত্রীকেই নয়, মনোজিৎ একই অভিযোগ জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও ইমেল পাঠান। তাঁর দাবি ছিল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই ইসি-র বৈঠকে আলোচনা করে নিতে হবে। উপাচার্য যেন একতরফা সিদ্ধান্ত না-নেন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইসি-র আরও কয়েকজন সদস্য একই দাবি জানিয়েছিলেন। তবুও কোনও ইসি বৈঠক না-করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেলিমবক্সকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ করে।
এই সিদ্ধান্তে ওয়েবকুপার একাংশের অসন্তোষ আরও বাড়ে। দলের অভ্যন্তরেই বিষয়টি নিয়ে তীব্র আলোচনার পরিস্থিতি তৈরি হয়। যদিও রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সেলিমবক্সকে সরানো হয়নি৷ কিন্তু কলেজ সার্ভিস কমিশনের গুরুদায়িত্ব থেকে তাঁকে অবশেষে সরিয়ে দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ফলে শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে নতুন মুখ হিসেবে এলেন শুভ্রনীল সোম।
তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক মহলের মতে, বিশ্ববিদ্যালয় ও কমিশন, দুই ক্ষেত্রেই দায়িত্ব নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেলিমবক্সকে পরীক্ষা নিয়ামক পদে রাখা ‘অস্বস্তিকর’ হয়ে উঠছিল। সেই প্রেক্ষিতেই এই বদলি। তবে এই নিয়ে সরকারি মহলের কোনও বক্তব্য মেলেনি। বিশ্ববিদ্যালয় মহলেও বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

