গিরিডি পুরভোটে গুলি চালিয়ে ফেরার, অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার অভিযুক্ত
বিদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল অভিযুক্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাক্তন কাউন্সিলরের ৷ তার আগেই অন্ডাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

Published : February 25, 2026 at 10:05 AM IST
অন্ডাল, 25 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের গিরিডি জেলায় পুরসভা নির্বাচনের সময় গুলি চালিয়ে পালিয়েছিলেন ৷ সেই অভিযুক্ত শিবম শ্রীবাস্তবকে শেষ পর্যন্ত মঙ্গলবার অন্ডাল বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করল পুলিশ । কয়েকদিন আগে পুরসভা নির্বাচনে গুলিকাণ্ডের পর থেকেই গিরিডি পুলিশ তার খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছিল । সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, শিবম ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাক্তন কাউন্সিলর ।
গিরিডিতে পুরসভা নির্বাচনে এবার শিবম শ্রীবাস্তবের মা প্রার্থী ছিলেন । নির্বাচনের গন্ডগোলের সময় শিবম ও তার সাঙ্গপাঙ্গরা গুলি চালায় । তাতে দু'জন আহত হয়েছিল । এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াই শুরু হয় ওই এলাকায় । তখন থেকেই শিবমের খোঁজ চালাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশ ।
এরই মধ্যে মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসটিএফ বিভাগ সূত্র মারফত খবর পায় যে, শিবম শ্রীবাস্তব কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (অন্ডাল বিমানবন্দর) থেকে পালাবে । এরপরই গিরিডি পুলিশ ও অন্ডাল থানা উভয়ের সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযান চালায় । বিমানবন্দর চত্বরে ঘেরাও করে পুলিশ দল অভিযুক্তকে পাকড়াও করে । বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে গিরিডি নিয়ে যাওয়া হবে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একাধিক থানায় শিবমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে ৷
অভিযুক্ত এদিন যে গাড়িতে করে অন্ডাল বিমানবন্দরে আসে তার চালকের বাড়ি আসানসোলে । তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ । জানা গিয়েছে, শিবমের উদ্দেশ্য ছিল অন্ডাল থেকে বিমানে দেশের অন্য কোনও রাজ্যে গিয়ে সেখান থেকে বিদেশে পালিয়ে যাওয়া ৷ যাতে সকলের নাগালের বাইরে চলে যাওয়া যায় ৷ কিন্তু সেই ছক কার্যত ভেস্তে দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসটিএফ ৷
এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "মঙ্গলবার সকাল থেকে আমরা সূত্র মারফত খবর পেয়ে তৎপর ছিলাম । বিকালে অন্ডাল বিমানবন্দরে শিবম চারচাকা গাড়িতে এসে পৌঁছনো মাত্রই তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে ঝাড়খণ্ডের গিরিডি থানায় । ট্রানজিট রিমান্ডে গিরিডি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যাবে ।"

