ETV Bharat / state

নাকে অক্সিজেনের নল লাগিয়ে SIR শুনানিতে, পরের দিনই আতঙ্কে মৃত্যু জয়নগরের বৃদ্ধের !

পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধ ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

SIR death
68 বছরের নাজিতুল মোল্লার মৃত্যু জয়নগরে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 4, 2026 at 7:22 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জয়নগর, 4 জানুয়ারি: রাজ্যে এসআইআর শুনানি পর্ব চলছে । নাকে অক্সিজেনের নল লাগিয়ে সেই শুনানিতে অংশ নিয়েছিলেন জয়নগরের 68 বছর বয়সি নাজিতুল মোল্লা ৷ পরের দিনই মৃত্যু হয়েছে তাঁর ৷ পরিবারের দাবি, এসআইআর-এর শুনানিতে ডাক পাওয়ার পরে দুশ্চিন্তা ও আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকার উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা । 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না তাঁর ৷ পরিবাবের দাবি, তাই সেই নিয়ে আতঙ্কে ছিলেন বৃদ্ধ । তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ এরপর 20 ডিসেম্বর প্রথমে তাঁকে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

নাকে অক্সিজেনের নল লাগিয়ে SIR শুনানিতে, পরের দিনই আতঙ্কে মৃত্যু জয়নগরের বৃদ্ধের ! (ইটিভি ভারত)

এর মধ্যেই 31 ডিসেম্বর নাজিতুলকে এসআইআর শুনানির জন্য ডেকে পাঠিয়ে নোটিশ দেওয়া হয় । তখন পরিবারের সদস্যরা হাসপাতালের বন্ডে সই করে বৃদ্ধকে বাড়িতে নিয়ে আসেন । তারপর তাঁরা বৃদ্ধকে নিয়ে শুনানিতে অংশ নেন ৷ পরের দিন বাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যেতে সেখানেই নাজিতুলের মৃত্যু হয় বলে দাবি পরিবারের ৷

নাজিতুলের ভাইপো নাজির হোসেন মোল্লার কথায়, "উনি দীর্ঘদিন ধরে অসুস্থ । ঠিক এই সময়ই আসে এসআইআর-এর শুনানির ডাক । শারীরিক অবস্থা উপেক্ষা করেই নাকে অক্সিজেনের নল গুঁজে শুনানিতে হাজির হয়েছিলেন উনি । কিন্তু ওই যাতায়াতের ধকল নিতে পারেনি শরীর । তারপরেই তাঁর মৃত্যু হয় ৷"

মৃতের ছেলে হারুন মোল্লা বলেন, "আমরা পূর্বপূরুষ ধরে এখানে বাস করি ৷ কিন্তু তা সত্ত্বেও 2002 সালের ভোটার তালিকায় বাবার নাম নেই ৷ সেই নিয়ে গত কয়েকদিন ধরেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন বাবা । সবসময় বলতেন তোদের কী হবে ৷ এর মধ্যে বিডিওর থেকে শুনানির জন্য নোটিশ আসে বাবার নামে ৷ বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন ৷ সেই অবস্থায় অক্সিজেন নল লাগিয়ে শুনানিতে নিয়ে যাই ৷ পরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন ৷ শারীরিক পরিস্থিতির সঙ্গে মানসিক চাপের ফলেই তার মৃত্যু হয়েছে । আমরা এখনও খুব আতঙ্কিত ৷ বাবার নাম নেই আমাদের কী হবে ৷"

জয়নগরের তৃণমূল নেতা শাহাবুদ্দিন শেখ বলেন, "নির্বাচন কমিশনের এসআইআর নামক ষড়যন্ত্রের কারণে বাংলার একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে । এবার নাজিতুল মোল্লার প্রাণ গেল ৷ শুনানিতে নাম আসায় তিনি আতঙ্ক হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেন ৷ তার মৃত্যুর দায় নির্বাচন কমিশন এবং বিজেপিকেই নিতে হবে । আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ৷"

বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সহ-সভাপতি বিশ্বনাথ পাত্র বলেন, "ওই বৃদ্ধের মৃত্যু অত্যন্ত দুঃখজনক । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলে রাজ্যের শাসকদল সেই মৃত্যুকেও নিয়ে এসআইআর-এর সঙ্গে জড়িয়ে রাজনীতি করছে । রাজ্যে যদি কোনও মানুষ এই এসআইআর আবহে মারা যান, তাহলে তৃণমূল এসআইআর আতঙ্কে মৃত্যু বলছে । আমরা চাই পুলিশ-প্রশাসন সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখুক ।"

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসে পৌঁছায়নি ৷ অভিযোগ পাওয়ার পর সম্পূর্ণ বিষয় আমদের তরফে খতিয়ে দেখা হবে ।"