ভোটের আগে রেলের চমক ! এক জোড়া ট্রেন পেল জলপাইগুড়ি-হলদিবাড়ি
উত্তরবঙ্গের যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রেল যোগাযোগ অত্যন্ত সীমিত । সকালে একটি লোকাল ট্রেন এবং সন্ধ্যায় দার্জিলিং মেল—এই ছিল ভরসা ।

Published : March 4, 2026 at 1:57 PM IST
জলপাইগুড়ি, 4 মার্চ: আনুষ্ঠানিকভাবে না-হলেও এসআইআর-এর দৌলতে বঙ্গে ভোটের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে ৷ এরই মধ্যে রেল পরিষেবাকে সামনে রেখে বড় চমক । ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ি পেল এক জোড়া এক্সপ্রেস ট্রেনের এক্সটেনশন । রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই ঘোষণা উত্তরবঙ্গের ভোট সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ।
রেল বোর্ডের নোটিফিকেশন অনুযায়ী, 15463/15464 বালুরঘাট-জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের (Balurghat–New Jalpaiguri Intercity Express) রুট বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা হয়েছে । অন্যদিকে 15467/15468 বামনঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসকেও (Bamanhat–Siliguri Express) এক্সটেনশন করে হলদিবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে ।
চলতি বছরের জানুয়ারিতেই জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন, নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের রুট বাড়িয়ে হলদিবাড়ি করা হবে । সেই ঘোষণা বাস্তবায়িত হতেই বিজেপির তরফে রাজ্যের শাসক তৃণমূলকে কটাক্ষ করে জনমানসে বলা হচ্ছে, "আমরা তৃণমূলের মতো নই ! কথা দিলে কথা রাখি ৷"
এই এক্সটেনশনের ফলে লাভবান হবে জলপাইগুড়ি শহরও । কারণ, হলদিবাড়িগামী ট্রেন জলপাইগুড়ি শহরের বুক চিরেই যাবে । ফলে এবার থেকে জলপাইগুড়িতে নিয়মিত স্টপেজ মিলবে । এর পাশাপাশি বালুরঘাট–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস হলদিবাড়ি যাওয়ার পথে একলাখি, শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়িতে থামবে । একই ভাবে শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেসও হলদিবাড়ি যাওয়ার পথে বেলাকোবা ও জলপাইগুড়িতে স্টপেজ দেবে ।
উত্তরবঙ্গের যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রেল যোগাযোগ অত্যন্ত সীমিত । সকালে একটি লোকাল ট্রেন এবং সন্ধ্যায় দার্জিলিং মেইল—এই ছিল ভরসা । নতুন দুই এক্সপ্রেস চালু হলে জলপাইগুড়ি ও হলদিবাড়ি থেকে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, বালুরঘাট কিংবা কোচবিহার জেলায় যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দু’টি ট্রেনই প্রতিদিন চলবে । ফলে অফিসযাত্রী থেকে ছাত্রছাত্রী — সবাই উপকৃত হবেন । সীমান্তবর্তী হলদিবাড়ির ব্যবসা-বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত স্থানীয়দের ।
তবে এখনও পর্যন্ত রেলের তরফে জানানো হয়নি, কবে থেকে হলদিবাড়ি পর্যন্ত যাতায়াত শুরু হবে । দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় এখন গোটা জেলাবাসী । ভোটের মুখে রেলের এই 'ডাবল চমক' যে রাজনৈতিক তাৎপর্যও বহন করছে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে ।
আরও পড়ুন:

