ETV Bharat / state

হিজাব বিতর্কে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

হিজাব বিতর্কে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে দিলেন উপাচার্য । কমিটির চেয়ারপার্সন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন ।

ETV BHARAT
হিজাব বিতর্কে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 29, 2025 at 8:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: হিজাব বিতর্কে এবার কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । ওই ঘটনার তথ্যানুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে দিলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য । বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির চেয়ারপার্সন হিসেবে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন । কমিটির অন্য সদস্যরা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক সুবর্ণকুমার দাস, যিনি একইসঙ্গে এসসি ও এসটি সেলের লিয়াজোঁ অফিসারের দায়িত্বেও রয়েছেন । অন্যজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের চ্যান্সেলর মনোনীত সদস্য পদ্মশ্রী কাজি মাসুম আখতার ।

ETV BHARAT
টিএমসিপি-র ইমেল (নিজস্ব চিত্র)

এই ঘটনার উপস্থাপক আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার (অতিরিক্ত) ড. উজ্জ্বলকুমার মণ্ডলকে । কমিটি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আগামী 30 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্যই এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

গত 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দুই পড়ুয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাতে পোস্টার নিয়ে ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । এরপরই বিষয়টি জানিয়ে এবং এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠন । তারা জানিয়েছিল, সংগঠনের তরফে জানানো হয়েছে, এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক ।

ETV BHARAT
উপাচার্যের ইমেল (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গত 22 ডিসেম্বর স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পঞ্চম সেমেস্টারের পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছিল বেশ কয়েকজন পরীক্ষার্থীর বিরুদ্ধে । সেই সময়ই পরীক্ষাকক্ষে শুরু হয় তল্লাশি । হিজাব পরা দুই ছাত্রীকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে কথা বলেন বিভাগীয় প্রধান । জানা গিয়েছে, এক ছাত্রী হিজাব খুলে দেখান তাঁর কানে কোনও যন্ত্র নেই । গোটা ঘটনায় ছাত্রীটি কোনও অভিযোগ দায়ের করেননি । কিন্তু পরে একটি ইমেল আসে ইংরেজি বিভাগে ।

ETV BHARAT
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

টিএমসিপি নেতৃত্বের কথায়, "ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও প্রকাশের অধিকার দিয়েছে । সেই সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে কোনও শিক্ষার্থীর ধর্মীয় পোশাক নিয়ে অসম্মান বা ইচ্ছাকৃত অপমান করা মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন । এই ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেছে সংগঠনটি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে এবং সাম্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এগিয়ে চলেছে । সেই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ।"

টিএমসিপির তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনার অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে । পাশাপাশি তদন্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ছাত্রীর মর্যাদা ও ব্যক্তিগত সম্মান যাতে কোনওভাবেই ক্ষুণ্ণ না-হয়, সেদিকেও নজর রাখার আবেদন জানানো হয়েছে । তৃণমূল ছাত্র সংগঠন জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্মনিরপেক্ষ ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর । সংশ্লিষ্ট ছাত্রীকে পূর্ণ সমর্থন জানিয়ে টিএমসিপি দাবি করেছে, কোনও পক্ষের হস্তক্ষেপে যাতে বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষতিগ্রস্ত না-হয়, সে বিষয়টি নিশ্চিত করতে তারা লড়াই চালিয়ে যাবে । টিএমসিপি-র ইমেলের উত্তর দিয়ে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছিলেন উপাচার্য । তারপরেই বিশ্ববিদ্যালয়ের তরফে তৈরি করে দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ।