মমতার নির্দেশমতো যুবভারতীতে পৌঁছল তদন্ত কমিটি
মেসি বরণে যুবভারতীতে যে চূড়ান্ত বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ৷ রবির সকালে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছলেন তদন্ত কমিটির সদস্যরা ৷

Published : December 14, 2025 at 12:34 PM IST
কলকাতা, 14 ডিসেম্বর: ভাঙাচোরা যুবভারতী ৷ লন্ডভন্ড শতাব্দী প্রাচীন স্টেডিয়াম ৷ লিওনেল মেসিকে একবার দেখতে অগণিত অনুরাগীরা এই হাজার হাজর মূল্যের টিকিট কেটে শনিবার ভিড় জমিয়েছিলেন যুবভারতীতে ৷ প্রিয় তারকাকে ঘিরে রেখেছিলেন নেতা থেকে মন্ত্রীরা, এমনটাই অভিযোগ মেসির অনুরাগীদের ৷ তারপরই ক্ষোভের রেশ আছড়ে পড়ে স্টেডিয়ামে ৷ কিন্তু এই ঘটনা কেন ঘটল, তার তদন্তে আজ সকালেই কমিটি পৌঁছল যুবভারতীতে ৷
কেলেঙ্কারির ভয়াবহতা আরও প্রকাশ্যে আসতেই বাংলার মাথা হেঁট ৷ মাঠের ব্যাপক বিশৃঙ্খলার কারণে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে মাঠ থেকে দ্রুত চলে যেতে হয়। পুরো ঘটনায় মেসি ও তাঁর অনুরাগীদের ক্ষমা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ রবির সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা ৷ আনুমানিক প্রায় 2 কোটি থেকে 2 কোটি 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে যুবভারতী সূত্রে খবর।
লিওনেল মেসির GOAT ট্যুরের প্রথম পর্যায়ে যুবভারতীতে যে বিশৃঙ্খলা রয়েছে তার তদন্ত কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য়সচিব মনোজ পন্থ-সহ অন্যান্যারা ৷ এদিন এই কমিটি যুবভারতীতে পৌঁছে প্রথমেই মাঠ পরিদর্শন করেছেন ৷ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত এই প্যানেলের সদস্যরা তদন্ত পরিচালনা করবেন। তাঁরা আরও জানান, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে। এই বিশৃঙ্খলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে ৷

তিন সদস্যের এই তদন্তকারী দলটি এদিন স্টেডিয়ামটির মাঠ পরিদর্শনের সময় ভাঙা প্লাস্টিকের চেয়ার, বেঁকে যাওয়া ব্যারিকেড এবং আবর্জনায় ভরা গ্যালারি খুঁটিয়ে দেখেছে ৷ মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী গতকাল অনুষ্ঠানের প্রবেশপথের করিডোর, নিরাপত্তা ব্যবস্থা এবং সংলগ্ন গ্যালারিগুলোও পরিদর্শন করেন ৷ আজ আধিকারিকরা তদন্তের জন্য ভাঙচুরের পরিমাণের প্রমাণ সংগ্রহ করেন ও পুরো পরিদর্শনজুড়ে ভিডিয়ো ও ফটোগ্রাফি করেন ৷ পাশাপাশি, এরকম ধরনের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানগুলিতে আর এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-ঘটে তারও ব্য়বস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে ।

শনিবার ঘটনার পর পুলিশ অব্যবস্থাপনা ও ফুটবলপ্রমীদের অভিযোগে অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয় ৷ আজ তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ ধৃত শতদ্রু দত্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ৷ উল্লেখ্য, গতকাল যুবভারতীতে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । স্বাভাবিকভাবে পুরো ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যপাল আসার আগেই যুবভারতীর আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আজকের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের পক্ষে সওয়াল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এমন বিশৃঙ্খলার জন্য দায়ী কে? প্রশ্ন তোলেন রাজ্যপাল।

