ETV Bharat / state

ইন্ডিগো ফ্লাইট বাতিলের জের, একাধিক স্পেশাল ট্রেন চালু দক্ষিণ-পূর্ব রেলে

দেশজুড়ে হাজারেরও বেশি ইন্ডিগো ফ্লাইট বাতিল হওয়ায় দক্ষিণ-পূর্ব রেল যাত্রী সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

Special Trains Due To IndiGo Crisis
একাধিক স্পেশাল ট্রেন চালু দক্ষিণ-পূর্ব রেলে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 6, 2025 at 10:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 6 ডিসেম্বর: গত কয়েক দিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যস্ত। দেশজুড়ে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় লক্ষাধিক যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলওয়ে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার থেকে এই নতুন ট্রেনগুলির যাত্রা শুরু হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাতে যাতায়াতের সমস্যা কিছুটা কম হয়, তার জন্যই একাধিক বিশেষ ট্রেন চালু করা হয়েছে। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার বলেন, "আমরা চেয়েছি যাত্রীরা যেন নিরাপদ ও সুবিধাজনকভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন। এই উদ্যোগ সেই উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।" যাত্রীরা এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং রেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 6 ডিসেম্বর রাত 9টা 35 মিনিটে চেরলাপল্লি থেকে ছাড়বে 07148 চেরলাপল্লি-শালিমার স্পেশাল ট্রেন। 7 ডিসেম্বর দুপুর 2টা 45 মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে ইলাহাঙ্কা পর্যন্ত 08073 স্পেশাল ট্রেন। সোমবার রাত 11টা 5 মিনিটে সিএসএমটি মুম্বই-হাওড়া স্পেশাল 02869 ছাড়বে এবং পরে 2টা 10 মিনিটে শালিমার-চেরলাপল্লি 07149 স্পেশাল ট্রেন চলবে। মঙ্গলবার বিকেল 4টা 45 মিনিটে ইলাহাঙ্কা-সাঁতরাগাছি 08074 স্পেশাল ট্রেন চলার কথা রয়েছে।

ইন্ডিগো জানিয়েছে, পাইলট সঙ্কট এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইট বাতিল হচ্ছে। সংস্থা একাধিক বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে এবং টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে বলে জানিয়েছে। ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে ইন্ডিগো তার পরিষেবা ও ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করছে।

এদিকে, আকাশছোঁয়া বিমান ভাড়ায় লাগাম টানতে কড়া ব্যবস্থা নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ দূরত্ব অনুযায়ী বিমান ভাড়া বা এয়ার টিকিটের দাম বেঁধে দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকক (MoCA)৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA)-এর নির্দেশ অনুযায়ী, 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য 7500 টাকার বেশি বিমান ভাড়া নেওয়া যাবে না৷ একইভাবে, 500-1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য সর্বোচ্চ 12000 টাকা, 1000-1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য 15000 টাকা এবং 1500 কিলোমিটার থেকে তার বেশি দূরত্বের জন্য 18000 টাকার বেশি বিমান ভাড়া নেওয়া যাবে না৷

যাত্রীদের সুবিধা নিশ্চিত করা, যাতায়াতের ঝামেলা কমানো এবং ভোগান্তি হ্রাস করাই দক্ষিণ-পূর্ব রেলের মূল লক্ষ্য। এই উদ্যোগে রেল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ যাত্রীরা, যারা বলছেন, "স্পেশাল ট্রেন চালু হওয়ায় বড় সহায়তা মিলেছে।" পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছে রেল বিভাগ।

  1. আকাশছোঁয়া বিমান ভাড়ায় লাগাম, দূরত্ব অনুযায়ী টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র
  2. ইন্ডিগো বিভ্রাট, বিমান ভাড়ায় নজর কেন্দ্রের; চলবে স্পেশাল ট্রেন