ETV Bharat / state

দিনভর কালো মেঘের ঘনঘটা, চলতি মাসে রেকর্ড বৃষ্টিপাত দেশজুড়ে

রবিবার থেকেই বাড়বে বৃষ্টির দাপট ৷ সোমে ভোটগণনায় দুর্যোগ থাকবে বঙ্গের আকাশে ৷ তাপমাত্রাও অনেকটা কম ৷

WEST BENGAL WEATHER UPDATE
বৃষ্টি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2026 at 8:26 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 মে: গরম অনেকটাই কমেছে । ঝড়বৃষ্টির আগমনে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে ৷ চলতি মাসে ন্যূনতম তাপমাত্রা সাধারণের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে । তবে উত্তর-পশ্চিম ভারতের বহু অংশ, মধ্য ভারতের কিছু এলাকা এবং উত্তর-পূর্ব ভারতের দক্ষিণাংশে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকতে পারে ।

দেশজুড়ে বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে বেশি

  • বৃষ্টিপাতের ক্ষেত্রে, চলতি মে মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে ৷ প্রায় 110 শতাংশেরও বেশি । 1971 থেকে 2020 সালের তথ্য অনুযায়ী মে মাসে দেশের গড় স্বাভাবিক বৃষ্টিপাত প্রায় 61.4 মিমি ।
  • পূর্বাভাস অনুযায়ী দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে । তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং পূর্ব-মধ্য ভারতের কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের নীচে থাকতে পারে । বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধীরে ধীরে এল নিনো পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে । সব মিলিয়ে, মে মাসে তাপমাত্রা ও বৃষ্টিপাত, দু'টিই স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকলেও, কিছু কিছু অঞ্চলে পার্থক্য দেখা যেতে পারে ।

কেন দুর্যোগ বঙ্গে ?

এদিকে, গাঙ্গেয় বঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় । যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে । যার দরুন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । গত তিনদিন ধরে বজ্রগর্ভ মেঘের হাত ধরে বিকেল এবং সন্ধ্যায় ঝড়বৃষ্টি চলেছে । ফলে ভ্যাপসা গরম নয় বরং মনোরম আবহাওয়া বঙ্গে ।

রবিবার দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও পরে পুরো আকাশ মেঘে ঢাকবে । বিকেল এবং সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা । সঙ্গে দমকা হাওয়া বইবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং 21 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি ?

  • আজ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা । ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় 50-60 কিলোমিটার হতে পারে ৷
  • আগামিকাল সোমবার অর্থাৎ ভোটগণনার দিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হবে । সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50-60 কিলোমিটার পর্যন্ত হতে পারে । ঝড়-বৃষ্টি সমস্যা তৈরি করতে পারে । মঙ্গলবার অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে । ঝোড়ো হাওয়ার গতি 40-50 কিমি থাকতে পারে । বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে ।

উত্তরবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি ?

  • অন্যদিকে, উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে । বজ্রপাত ও 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ।
  • আগামিকাল ও পরশু উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে, তবে ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে ।
  • বুধ ও বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি বেশি হয়েছে ।

শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি নীচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি নীচে । আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98 ও সর্বনিম্ন 67 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 11.4 মিলিমিটার ।