দোল পূর্ণিমায় সঙ্গী চড়া রোদ-গরম, সপ্তাহ শেষে আসছে বৃষ্টি
আগামী পাঁচ-সাতদিন আবহাওয়া শুষ্ক থাকলেও তারপর বঙ্গের আবাহওয়ায় থাকবে বৃষ্টির ঘনঘটা ৷ কারণ আসছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপের দোসর ৷

Published : March 3, 2026 at 9:44 AM IST
কলকাতা, 3 মার্চ: দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একসঙ্গে আজই । রঙের এই উৎসবে কাঁটা ছড়াতে শুষ্ক গরম উপস্থিত বঙ্গের দুয়ারে । বসন্তের স্নিগ্ধ আবহাওয়া ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফাল্গুনের শুরু থেকে কমতে শুরু করেছিল । পয়লা মার্চ থেকে তা কার্যত গায়েব । সর্বনিম্ন তাপমাত্রা গত 5 দিনে সাত ডিগ্রি বৃদ্ধি পেয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে । রোদের দাপট দিনের বেলায় ভালোভাবে অনুভূত হচ্ছে ৷
পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডায় ইতিমধ্যে 36.1 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ৷ যা দক্ষিণবঙ্গের মধ্যে সবার ওপরে । উত্তরবঙ্গের মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস । সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার বায়ুস্তরের উচ্চস্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত । পাশাপাশি পশ্চিমবঙ্গ-ওড়িশা থেকে দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । তবে তা বলে এখনই বাংলাজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ।
চলতি সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে । মোটের উপর আগামী সাতদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া । উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকবে । মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷
আজ রং খেলায় ছড়ি ঘোরাবে চড়া রোদ । কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রির নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 33 ও সর্বোচ্চ 92 শতাংশ ।
আলিপুর আবহাওয়া দফতর এদিন বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল 3.20 মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা 6টা 48 মিনিটে । গ্রহণের পূর্ণতা শুরু হবে বিকেল 4টে 34 মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা 5টা 33 মিনিটে । এরপর ভারত থেকে পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী 6 জুলাই ৷ সেটি আংশিক চন্দ্রগ্রহণ হবে । জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণের সময় আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে । চন্দ্রগ্রহণের মহাজাগতিক ঘটনার দিন এবার রঙের উৎসব পড়েছে ৷

