ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন, দোল পূর্ণিমায় তাপমাত্রার পারদ ছোঁবে 35 ডিগ্রি !
রাতের দিকে এখনও খানিকটা ঠান্ডা লাগছে ৷ কিন্তু তা সাময়িক, বলছে হাওয়া অফিস । এদিকে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বঙ্গের আবহাওয়ায় ৷

Published : February 27, 2026 at 7:31 AM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি: চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ায় কিছুটা বদল এসেছে । বঙ্গের বাতাসে ভোর এবং রাতে ঠান্ডা খানিকটা অনুভূতি হচ্ছে বইকি ৷ পারদের কাঁটাও নীচের দিকে নেমেছে ৷ তবে এই পারদ পতন হলেও তা সাময়িক । এদিকে দুপুর গড়াতেই গায়ে লাগছে গরমের ছোঁয়া ৷
কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নীচে । তবে, আর দু'দিন পরই এই পরিস্থিতির বদল হবে । ফের তাপমাত্রা বাড়বে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এক ঝটকায় 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পারদ ।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ, ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে । সমুদ্রপৃষ্ঠের উপর তা দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । আগামী 2 মার্চ অর্থাৎ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে । পয়লা মার্চ ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটিতে আবহাওয়া সংক্রান্ত এখনও কোনও সতর্কতা নেই । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷ দিনে গরম বাড়বে । এমনকী, দোলে তাপমাত্রা 33 ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভবনা রয়েছে । এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ।
পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে দোলের সময় তাপমাত্রা 35 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আবহবিদরা । সব মিলিয়ে আপাতত ঠান্ডার শিরশিরানি হালকাভাবে থাকলেও তা দ্রুতই পরিবর্তনের পথে হাঁটবে । আজ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত এখনও রয়েছে । বৃহস্পতিবার দক্ষিণের শীতলতম স্থান ছিল কল্যাণী ৷ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান দখল করেছে পুণ্ডিবাড়ি ৷ সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস । পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস । তবে উত্তরবঙ্গেও আগামী দু'দিন পর থেকে পারদ চড়বে । মার্চের শুরু থেকে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ার বদলে গ্রীষ্মের আবাহনী বাড়তে থাকবে ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি নীচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 36 ও সর্বোচ্চ 85 শতাংশ ।

