বঙ্গে জাঁকিয়ে শীত, আগামী সাতদিন কীসের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর ?
রাজ্যজুড়ে শীতের জোরালো ইনিংস ৷ বেলায় ভালো রোদ থাকলেও রাতে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করছেন বঙ্গবাসী ৷ আগামী সাতদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না ৷

Published : December 11, 2025 at 9:15 AM IST
কলকাতা, 11 ডিসেম্বর: জমিয়ে শীতের কামড় এখন বঙ্গের আবহে । দিন হোক বা রাত, ঠান্ডার উপস্থিতি যথেষ্ট । আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই ঠান্ডা এখন চলবে । অথচ নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল । যদিও তার প্রভাব যে এই রাজ্যের আবহে পড়বে না তা হাওয়া অফিস আগেই বলেছিল। একই সঙ্গে জানিয়েছিল শীতের আগমনে সমুদ্রে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ কাঁটা ছড়াবে না।
এখন এই রাজ্যের আবহে উত্তুরে হাওয়ার গতি অবাধ। উত্তরভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। ফলে তার প্রভাবে ঠান্ডা বাতাস অবাধে পূর্ব ভারতে প্রবেশ করছে। সাগরে নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্তও তৈরি হয়নি। ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই।জোরালো শীত অনুভব করবেন রাজ্যবাসী ৷ সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার একটু কম। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছরও শীত স্বাভাবিকভাবেই পড়বে।
গত মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচে। আর এক সপ্তাহের বেশি সময় ধরে এই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। এমনকী গত শনিবার 14 ডিগ্রির ঘরে প্রবেশ করেছিল পারদের কাঁটা। গতকাল, বুধবার দার্জিলিঙের তাপমাত্রা নেমেছিল 4 ডিগ্রি সেলসিয়াসে। যা রাজ্যের শীতলতম। কোচবিহারেও পারদ 9 ডিগ্রিতে নেমেছে। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে। সেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে।
কলকাতাতেও স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা লাগাতারভাবে রয়ে যাচ্ছে। যা শীতের জোরালো উপস্থিতির জানান দিচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট রয়েছে। জোরালো এই শীতের হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। সেখানেও থাকবে কুয়াশার দাপট। আগামী সাত দিন রাজ্যের কোথাও রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। বৃষ্টিরও সম্ভাবনা নেই। বাংলার আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি সেলসিয়াসের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াসের নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 ও সর্বনিম্ন 47 শতাংশ।

