বসন্তেই দুয়ারে বৃষ্টি, ভোররাতে ভিজল শহর কলকাতা; নিম্নচাপ চলবে কতদিন
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, তা সত্যি করে মঙ্গলের ভোরে মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজল তিলোত্তমা-সহ তার আশপাশের এলাকা ৷ এবার বসন্তেই বঙ্গে গ্রীষ্মের আগমনী ৷

Published : February 24, 2026 at 8:40 AM IST
কলকাতা, 24 ফেব্রুয়ারি: মরশুমের প্রথম বৃষ্টি বসন্তেই । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই মঙ্গলবার ভোররাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ তৎপার্শ্ববর্তী অঞ্চল ৷ পাশাপাশি, বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যে শীতের আমেজ তলানিতে । রোদের তাপ ও গরম দুই বাড়তে চলেছে । আবহাওয়াবিদরা বলছেন, চলতি ফেব্রুয়ারির শেষের সঙ্গে সঙ্গেই শীতের আমেজ পুরোপুরি বিদায় নেবে পাহাড় থেকে সমতলের সর্বত্রে ।
আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার তাৎপর্যপূর্ণ পরিবর্তন হবে না । তবে দিনের গরম যথেষ্ট আর তা ধীরে ধীরে বাড়বে । এখনই সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির ঘরে । তবে সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস বঙ্গের আকাশে । যার জেরে পারদ সামান্য নামতে পারে ৷
আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । কোথাও কোথাও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে । বাদ যাবে না কলকাতাও । দিনভর আকাশ মেঘলা থাকবে ৷ আজ বেলা বাড়লে এবং বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে।
আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা ?
পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সেইসঙ্গে বজ্রপাত ও দমকা বাতাস, বইবে ৷ হাওয়ার গতি প্রতি ঘণ্টায় থাকবে 30-40 কিলোমিটার ৷ সপ্তাহের বাকি দিনগুলো দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া ।
কেন মেঘ-বৃষ্টি বঙ্গের আকাশে ?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই হাওয়া বদলের নেপথ্যে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে ।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন ?
উত্তরবঙ্গে ছবিটা একটু আলাদা । হালকা শীতের আমেজ এখনও রয়েছে। আগামী দু-তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সপ্তাহান্তে প্রায় 2 ডিগ্রি পর্যন্ত পারদের কাঁটা বাড়তে পারে। নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে। কালিম্পং-সহ পাহাড়ি কিছু এলাকায় আজ হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও এই জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
বিগত দিনের তাপমাত্রা
কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রির উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 50 ও সর্বোচ্চ 100 শতাংশ ৷

