ETV Bharat / state

আইপ্যাক-তল্লাশিতে বাজেয়াপ্ত নথির ফাঁস রুখতে হাইকোর্টে ইডি'র বিরুদ্ধে তৃণমূল

আসন্ন নির্বাচন সংক্রান্ত গোপন ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ইডি ৷ এই নথিগুলি যেন বাইরে ফাঁস না হয়ে যায় ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By PTI

Published : January 9, 2026 at 1:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 জানুয়ারি: ইডি'র তল্লাশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ আইপ্যাকের সল্টলেকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশির সময় ইডি যে সব নথি বাজেয়াপ্ত করেছে, সেগুলি যেন কোনওভাবে অপব্যবহার ও প্রকাশ করে দেওয়া না-হয় ৷ এই মর্মে শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ন্ত্রণের নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে রাজ্যের শাসকদল ৷

এদিকে ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের কয়েকজন শীর্ষ কর্তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে ৷ গতকাল সকালে শাসকদলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার সল্টলেকের দফতরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই তল্লাশিতে ইডি দলের গুরুত্বপূর্ণ ও গোপন রাজনৈতিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে অভিযোগ তুলেছে তৃণমূল ৷

ইতিমধ্যে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি ৷ তদন্তকারী সংস্থার অভিযোগ, তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে ৷ পুলিশ নিষ্ক্রিয় থেকেছে ৷ এর সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই ৷ কয়লা পাচারে আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় এই তল্লাশি চলছিল ৷ পশ্চিমবঙ্গের ছ'টি এবং দিল্লির চারটি জায়গায় তল্লাশি অভিযান চলছিল ৷ সেই সময় মুখ্যমন্ত্রী তাঁর পুলিশ বাহিনীকে নিয়ে এসে জবরদস্তি কিছু নথি এবং ইলেক্ট্রনিক প্রমাণ সরিয়ে দিয়েছেন ৷

আর এক-দু'মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ গতকাল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের সেক্টর-5-এর দফতরে ইডির তল্লাশি চালানোর সময় দু'জায়গাতেই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বেশ কিছু ফাইল, ল্যাপটপ, হার্ডডিস্ক নিয়ে বেরিয়ে আসেন ৷ ইডি ও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷

এই ঘটনায় বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি ৷ পরে ওই একই বেঞ্চে ইডি'র বিরুদ্ধে পাল্টা গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ জানিয়ে আবেদন জানান আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈন ৷ তিনি ইডি'র তল্লাশিতে স্থগিতাদেশ জারি করার আবেদনও জানিয়েছেন ৷

এরপর শুক্রবার ইডি'র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ দলের অভিযোগ, তৃণমূলের রাজনৈতিক ডেটা, আসন্ন বিধানসভা ভোট সংক্রান্ত গোপন নথি ৷ এই ঘটনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বেচ্ছাচারিতা, দুরভিসদ্ধিমূলক এবং ক্ষমতার প্রদর্শন ৷