বাবরি মসজিদ: দানের টাকা গুনছে মেশিন, কোরান পাঠে মমতার ভূমিকা দেখতে চান হুমায়ুন
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের জন্য দানের টাকার সঠিক অঙ্ক এখনও অজানা ৷ এখনও দান আসছে বলে জানা গিয়েছে ৷

Published : December 8, 2025 at 6:30 PM IST
রেজিনগর, 8 ডিসেম্বর: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের জন্য জমা পড়ল টাকার পাহাড় । মুসলিম ধর্মাবলম্বী মানুষ দান পেটিতে দু'হাত ভরে টাকা দিয়েছেন । রেজিনগরে হুমায়ুন কবীরের বাড়িতে সিসিটিভি ক্যামেরার সামনে গোনা হচ্ছে সেই টাকা । এত বিপুল পরিমাণ টাকা দেখে তা গুনতে আনা হয়েছে মেশিন । এদিকে 1 লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ৷
কোরান পাঠ
এরই সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত এই নেতা । এদিন হুমায়ুন কবীর বলেন, "মসজিদ নির্মাণ শুরুর একদিন আগে এক লক্ষ কণ্ঠে কোরান পাঠ হবে । কোরান পাঠ করবেন হাফেজরা । 90 হাজার হাফেজ থাকবে বাংলার । 10 হাজার হাফেজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে ।" উল্লেখ্য, মাদ্রাসায় কোরান নিয়ে পড়াশোনার জন্য প্রদেয় ডিগ্রি হল হাফেজ ৷
তিনি আরও বলেন, "রবিবার সনাতনধর্মী মানুষের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে ৷ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যের সাধুসন্ন্যাসীরা তাতে অংশগ্রহণ করেছিল ৷ কার্তিক মহারাজ বলেছেন, ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের পূর্ণ সমর্থন ছিল ৷ বাংলার মুখ্যমন্ত্রীকে বিগ্রেডে গীতা পাঠে আমন্ত্রণ করা হয়েছিল ৷ তবে তিনি সেখানে যাননি ৷ কিন্তু তাঁর সরকার সহযোগিতা করেছে ৷ আমরা দেখতে চাই, আমাদের এখানে এক লক্ষ কণ্ঠে কোরান পাঠের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী থাকে ।"
বাবরি মসজিদ নির্মাণে দান
ধর্মীয় আবেগ থেকে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ডাক দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী মানুষ সেই আবেগে ভাসছেন । মসজিদ নির্মাণে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলা ও বাংলার বাইরের মানুষজন । 6 ডিসেম্বর ওই বাবরি মসজিদের শিল্যান্যাস হয় । এরপর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত বাবরি মসজিদ নির্মাণের জন্য টাকা দান হতে থাকে ।
হুমায়ুন কবীরের বিশ্বস্ত মহল সূত্রে খবর, দান পেটিতে 100, 200, 500 টাকার নোটই বেশি । 11টি স্টিলের ট্রাঙ্ক ভর্তি হলে বস্তায় ভরা হয় দানের টাকা । অনলাইনে বহু মানুষ টাকা দিয়েছেন । মঞ্চে উঠে সেদিনই একজন এক কোটি টাকার চেক দিয়েছেন । নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মসজিদ নির্মাণে 80 কোটি টাকা দিচ্ছেন হলে হুমায়ুনকে জানিয়েছেন ।
কত টাকা জমা ?
গতকাল সন্ধ্যার পর হুমায়ুন কবীরের বাড়িতে দান পেটিতে পড়া টাকা গোনার কাজ শুরু হয় । সিসি ক্যামেরার মধ্যে দিয়ে আলেম-উলাময়েদের উপস্থিতিতে এই কাজ শুরু হয়েছে । 11টি দান পেটি খুলতেই চক্ষু চড়কগাছ । জানতে পারা গিয়েছে, 11টি ট্রাঙ্কে ভরা রয়েছে টাকার পাহাড় । এখনও পর্যন্ত প্রায় 14 কোটি উঠেছে বাবরি মসজিদ নির্মাণের জন্য । তাছাড়াও কিউআর কোডের মধ্যে দিয়ে জমা হয়েছে 93 কোটি টাকা । সমস্ত টাকা 'পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া' রাখা হবে বলে জানা গিয়েছে ।
তবে এত বিপুল পরিমাণে টাকা হাতে গোনা সম্ভব নয় বলে সোমবার টাকা গুনতে বেশ কয়েকটি মেশিন আনা হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ ছাড়া মালদা, বীরভূম, নদিয়া, দুই দিনাজপুর, দুই 24 পরগনা-সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসেছিলেন । তাঁদের কেউ খালি হাতে আসেননি । ইট, সিমেন্ট, লোগার রড ছাড়া প্রত্যেকেই দান পেটিতে আর্থিক সাহায্য করেছেন । এদিকে দানের টাকা আসা বন্ধ হচ্ছে না । শেষ পর্যন্ত দানের টাকার অঙ্ক কোথায় পৌঁছবে কেউ আন্দাজ করতে পারছেন না ।

