তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মাথার খুলি উদ্ধার, চাঞ্চল্য গঙ্গাসাগরে
খবর পেয়েই সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দোকান থেকে উদ্ধার হওয়া মানুষের মাথার খুলিটি পুলিশ উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়।

Published : August 27, 2026 at 9:03 PM IST
গঙ্গাসাগর, 27 অগস্ট: মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার ৷ বৃহস্পতিবার গঙ্গাসাগরের কৃষ্ণনগর বাজারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন। কীভাবে ওই খুলি মাংসের দোকানে এল, তা নিয়েই এখন তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
নামখানার এসডিপিও সুমন কান্তি ঘোষ জানিয়েছেন, ওই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তিনি বলেন, "তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর বাজার এলাকার বাসিন্দা শত্রুগণ দাস ওই মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন দোকানদার আইয়ুব আলি শেখ তাঁর হাতে একটি ব্যাগ দেন। প্রথমে বিষয়টি নিয়ে কোনও সন্দেহ হয়নি শত্রুগণবাবুর। তাঁর ধারণা ছিল, সম্ভবত পাশের কোনও বাড়ির কারও জন্য মাংস পৌঁছে দিতে ব্যাগটি দেওয়া হয়েছে। কিন্তু ব্যাগটি খোলার পরই বদলে যায় পরিস্থিতি। ব্যাগের ভিতরে মাংসের বদলে মানুষের একটি মাথার খুলি দেখতে পান তিনি।
ঘটনায় কার্যত হতভম্ব হয়ে যান শত্রুগণ। বিষয়টি দ্রুত জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দোকানদার আইয়ুব আলি শেখ দাবি করেন, তাঁর এক নাবালক ছেলে খালের ধারে মাছ ধরতে গিয়েছিল। সেখানেই সে ওই মাথার খুলিটি দেখতে পায় বলে দাবি করেন দোকানদার। পরে সেটি কীভাবে তাঁর মাংসের দোকানে এল, কেনই বা ব্যাগে রাখা হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
খবর পেয়েই সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দোকান থেকে উদ্ধার হওয়া মানুষের মাথার খুলিটি পুলিশ উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়। খুলিটির পরিচয় এবং সেটি কোনও নিখোঁজ ব্যক্তির দেহের অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুলিটি কোথা থেকে এসেছে, কতদিন আগে সেটি সেখানে ছিল এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে দোকানদার এবং ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
ইতিমধ্যেই দোকানদার আইয়ুব আলি শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর বক্তব্য এবং স্থানীয়দের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। নাবালকটি যে খাল থেকে খুলিটি পেয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেই জায়গাটিও তদন্তকারীরা গুরুত্ব দিয়ে দেখছেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আইয়ুব আলি শেখ এলাকায় তৃণমূলের স্থানীয় নেতা হিসেবেও পরিচিত। ফলে ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা। যদিও খুলিটি উদ্ধারের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও পুলিশের তরফে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে যাতে তদন্ত প্রভাবিত না-হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক মহলের দাবি।
এদিকে, মাথার খুলিটি আদৌ মানুষের কি না, সেটির বয়স কত এবং কোনও ব্যক্তির মৃত্যুর সঙ্গে এর যোগ রয়েছে কি না, ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষ্ণনগর বাজারের ওই মাংসের দোকান। স্থানীয়দের মধ্যেও প্রশ্ন একটাই, খালের ধারে পাওয়া বলে দাবি করা মানুষের মাথার খুলিই বা কীভাবে পৌঁছল মাংসের দোকানে ? সেই রহস্যের উত্তর খুঁজতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সাগর থানার পুলিশ ৷

