ETV Bharat / state

তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী

প্রায় 400 বান্ডিল সরকারি ত্রিপল রয়েছে বলে অভিযোগ ৷ আরও কোথায় সরকারি মাল লুকিয়ে রাখা আছে, তা খতিয়ে দেখে সব উদ্ধার করা হয় ।

Govt Tarpaulins Recovered
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2026 at 10:23 AM IST

4 Min Read
Choose ETV Bharat

বসিরহাট, 29 মে: তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী ও ত্রিপল চুরির অভিযোগে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পারগনা । বসিরহাট 1 নম্বর ব্লকের গোটারা পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধার করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ও আমজনতার হক কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ঘোষপাড়া এলাকার ওই বাড়িতে সন্দেহজনকভাবে কিছু সামগ্রী মজুত করতে দেখেন গ্রামবাসীরা । এরপরই তাঁরা একজোট হয়ে বাধা দেন । গ্রামবাসীদের তৎপরতা দেখে বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ ও তাঁর অনুগামীরা ।

এরপর ওই বাড়ির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয় সকলের । ঘরের ভিতর স্তূপীকৃত অবস্থায় রাখা ছিল রাশি রাশি সরকারি ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী । এই খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে কয়েক'শো মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় থানায় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও । পুলিশ গিয়ে সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় ।

Govt Tarpaulins Recovered
সরকারি ত্রিপল ও ত্রাণ উদ্ধার (ইটিভি ভারত)

এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বাসিন্দা মলয় দাস জানান, তারা গত তিন দিন ধরে খবর পাচ্ছিলেন যে বাপ্পাদিত্য ঘোষের বাড়ির দোতলায় প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী, কম্বল ও ত্রিপল মজুত করা রয়েছে । ভোটের আগে থেকেই বিষয়টা তাদের নজরে ছিল । গত তিন দিন ধরে তারা রাতের অন্ধকারে টোটো এবং ভ্যানে করে সেইসব সরকারি মাল অন্যত্র সরাচ্ছিল । এদিনও গাড়ি লোড করে ত্রিপল সরানো হচ্ছিল ৷ স্থানীয়রা আরও জানাচ্ছেন, সেখানে প্রায় 400 বান্ডিল সরকারি ত্রিপল রয়েছে এবং তারা প্রশাসনকে জানিয়েছেন যাতে আরও কোথায় কোথায় এই সরকারি মাল লুকিয়ে রাখা আছে, তা খতিয়ে দেখে সব উদ্ধার করা হয় ।

অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি নেতৃত্ব । বসিরহাট দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি কুনাল ব্রহ্ম ঘটনার তীব্র নিন্দা বলেন, "বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার বাপ্পাদিত্য ঘোষের নেতৃত্বে এখানে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল । উদ্ধার হওয়া ত্রিপলগুলিতে পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে । ওঁর বাড়ি থেকে আজকে অনেক প্যাকেট বের করা হচ্ছিল, যা দেখে অঞ্চলের মানুষ উত্তেজিত হয়ে পড়েন ৷"

তৃণমূলকে একহাত নিয়ে তিনি আরও অভিযোগ করেন, তারা খবর পাচ্ছেন এখানে বিধায়ক কোটার কম্বল এবং বস্ত্রও উনি লুকিয়ে রেখে সরাচ্ছিলেন । সেই সঙ্গে রয়েছে ব্যাপক পরিমাণ ত্রিপল, যা অন্তত 3 হাজার হতে পারে । তারা এর আগেও দেখেছেন বাদুড়িয়া অঞ্চলে মাটি খুঁড়ে টাকা ও ত্রিপল উদ্ধার হয়েছে । তাদের আশঙ্কা, সঠিক তদন্ত হলে এই এলাকায় মাটি খুঁড়লে টাকা না পাওয়া গেলেও প্রচুর সরকারি ত্রিপল অবশ্যই মিলবে ।

এই চাঞ্চল্যকর ঘটনার পর অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য ঘোষের উপযুক্ত শাস্তি এবং এই ত্রাণ দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন গোটারা পঞ্চায়েতের মানুষ । বসিরহাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সরকারি সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে । যদিও যার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

এর আগে বাদুড়িয়াতেও একই ধরনের চাঞ্চল্যকর দুর্নীতি সামনে এসেছিল ৷ যেখানে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাগানবাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল ও নগদ 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল ৷ পরবর্তীতে পার্শ্ববর্তী একটি পাটক্ষেত থেকে 2 কোটি 24 লক্ষ টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার হয় । বাদুড়িয়ার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বসিরহাটে এই বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও ত্রাণ চুরির ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে ।