ETV Bharat / state

গাজোলে উদ্ধার 40 লাখ ! মাদক-সহ গ্রেফতার 2 কারবারি

দুই যুবকের কাছে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের ৷ সেখান থেকে বেরিয়ে আসে 500, 200 ও 100 টাকার নোটের বান্ডিল ৷

Gazole cash recovery
গাজোলে টাকা-সহ গ্রেফতার দুই মাদক কারবারি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 6, 2026 at 10:40 AM IST

|

Updated : August 6, 2026 at 11:00 AM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 6 অগস্ট: পুরাতন মালদার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গাজোল থেকে উদ্ধার টাকার পাহাড় ৷ বৃহস্পতিবার সকালে গাজোলের রাঙাভিটা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদের কাছ থেকে প্রায় 41 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, "ঘটনার প্রেক্ষিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ ধৃতদের জেরা করা হচ্ছে ৷ কোথায় থেকে তারা এত টাকা পেয়েছিল, তা জানার চেষ্টা চলছে ৷ তাদের সঙ্গে মাদক চক্রের যোগের বিষয়টি নিয়েও তদন্ত চলছে ৷"

গাজোলে উদ্ধার 40 লাখ ! মাদক-সহ গ্রেফতার 2 কারবারি (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, নিজস্ব সূত্রে গাজোল থানার পুলিশ জানতে পারে যে দুই কারবারি মোটরবাইক নিয়ে রাঙাভিটা হয়ে মালদা শহরের দিকে যাচ্ছে ৷ এই খবর পেয়েই ওই দুই কারবারির সন্ধানে বেরিয়ে পড়েন পুলিশকর্মীরা ৷ এরপর 12 নম্বর জাতীয় সড়কে নির্দিষ্ট নম্বরের বাইক দুটি চোখে পড়তেই পুলিশকর্মীরা তাঁদের তাড়া করেন ৷ পুলিশের তাড়ায় বাইকের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক ৷ তড়িঘড়িতে একজন বাইক থেকে পড়ে যান ৷ তাঁর মাথায় আঘাত লাগে ৷ তখনই পুলিশ তাঁকে ধরে ফেলে ৷ অল্প সময়ের মধ্যে পুলিশকর্মীদের হাতে ধরা পড়েন দ্বিতীয় যুবকও ৷

এরপরেই ওই দুই যুবককে তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা ৷ তাঁদের সঙ্গে থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে আসে থরে থরে টাকা ৷ এর মধ্যে 500, 200 ও 100 টাকার নোট রয়েছে ৷ তাদের হেফাজত থেকে পাওয়া যায় 600 গ্রাম ব্রাউন সুগারও ৷ ততক্ষণে ঘটনাস্থলে চলে আসেন গাজোল থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায় ৷ নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন ৷ জাতীয় সড়কের ধারে বসেই টাকা গোনার কাজ শুরু হয় ৷ প্রাথমিকভাবে গুনে দেখা যায়, সেখানে 40 লাখ 69 হাজার 700 টাকা রয়েছে ৷ পুলিশের তরফে টাকাগুলিকে দুটি ব্যাগে ভরে ব্যাগ দুটি সিল করে দেওয়া হয় ৷ এরপর উদ্ধার হওয়া টাকা, ব্রাউন সুগার, দুটি মোটর বাইক-সহ দুই যুবককে থানায় নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের সেখানে গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রের খবর, ধৃত দুই যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল ৷ সিদ্ধার্থের বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর গ্রামে ৷ কিশোর কালিয়াচক 1 নম্বর ব্লকের শাহবাজপুর গ্রামের বাসিন্দা ৷ প্রাথমিক জেরায় তাঁরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা মোটরবাইক নিয়ে ডালখোলা থেকে কালিয়াচক ফিরছিলেন ৷

স্থানীয় বাসিন্দা ভীম দাস বলেন, "এখানে আজ সকালে টাকা আর ব্রাউন সুগার-সহ দু'জন ধরা পড়েছে ৷ এসব দু'নম্বরি টাকা ৷ ওর মধ্যে 500, 200 আর 100 টাকার নোট রয়েছে ৷ এখানেই পুলিশ টাকা গুনেছে ৷ প্রায় 40 লাখ টাকা ছিল ৷ ওই দুই যুবক রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছিল ৷ দু'জনেই মোটরবাইকে ছিল ৷ পুলিশ এখন তাদের থানায় নিয়ে গেল ৷"

প্রসঙ্গত, দু'দিন আগেই পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় একটি ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় তিনজনকে ৷ ধৃত তিনজন মাদক পাচারচক্রে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে ৷ সেই ঘটনার পর ফের বৃহস্পতিবার সকালে গাজোলের রাঙাভিটা এলাকা থেকে প্রায় 41 লাখ টাকা উদ্ধার হল ৷ পরপর টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদাজুড়ে ৷

Last Updated : August 6, 2026 at 11:00 AM IST