ETV Bharat / state

যুবভারতীর গ্যালারিতে কীভাবে জলের বোতল ? স্ক্যানারে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রবেশদ্বারের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন ৷ স্টেডিয়ামের ভিতরেই বা কীভাবে এল জলের বোতল ?

YUVA BHARATI MESSI MESS
যুবভারতীর গ্যালারিতে জলের বোতল ঢোকার ঘটনায় স্ক্যানারে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 13, 2025 at 7:50 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সল্টলেক, 13 ডিসেম্বর: যুবভারতী ক্রীড়াঙ্গণে চরম বিশৃঙ্খলার ঘটনায় এবার নজরে স্টেডিয়ামের ভিতরের ও বাইরের গেটে থাকা পুলিশকর্মীরা ৷ কীভাবে স্টেডিয়ামের গ্যালারিতে জলের বোতল ঢুকল, তা নিয়ে গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বিধাননগর কমিশনারেটের স্ক্যানারে রয়েছেন ৷

আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি শনিবার যুবভারতীতে যাওয়ার পরেই গন্ডগোল শুরু হয়ে যায় ৷ মেসিকে দেখতে না-পাওয়ার ক্ষোভে মাঠে জলের বোতল ছুঁড়ে মারেন ক্ষুব্ধ দর্শকরা ৷ এমনকি চেয়ার ভেঙে তা মাঠে ছুঁড়ে মারেন তাঁরা ৷ এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে সরাসরি ময়দানে নেমেছেন পুলিশের ডিজি রাজীব কুমার ৷ বিধাননগর কমিশনারেটের একজন নগরপাল থাকা সত্ত্বেও ঘটনায় রাজ্য পুলিশের ডিজি হস্তক্ষেপ করেছেন ৷ তাঁর নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও ঢেলে সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, বিধাননগর কমিশনারেটের তরফ থেকে দাবি করা হচ্ছে, মেসি শহরে পা-রাখার আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল, যাতে কেউ জলের বোতল কিংবা ভারী বস্তু নিয়ে মাঠে প্রবেশ করতে না-পারে ৷ কিন্তু, এ দিনের ঘটনার উৎসই হচ্ছে বোতল ছোড়াকে কেন্দ্র করে ৷ ফলে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে, নিষেধাজ্ঞা সত্ত্বেও বোতল কীভাবে গ্যালারির মধ্যে এল ?

এই ঘটনায় বিধাননগর পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি বেআইনিভাবে প্রচুর জলের বোতল ভিতরে প্রবেশ করিয়েছে ৷ মূলত বাজারে যেগুলির দাম কুড়ি টাকা, সেই বোতল স্টেডিয়ামে ঢোকানো হয় ৷ এরপর সেই কুড়ি টাকার জলের বোতল এক-একটি বিক্রি হয় দেড়শো টাকায় ৷ একাধিক অভিযোগকারী এবং ক্ষুব্ধ দর্শকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ এটাই জানতে পেরেছে ৷

ঘটনার পরপরই বিধান নগর কমিশনারেটের তরফে মাঠ ফাঁকা করে দেওয়া হয় ৷ তবে, এই জলের বোতল কীভাবে ভিতরে প্রবেশ করল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ ৷ ইতিমধ্যে, যুবভারতী ক্রীড়াঙ্গণের ভিতরের এবং বাইরের সিসিটিভিগুলির ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ পাশাপাশি, যুবভারতী ক্রীড়াঙ্গণের যে এন্ট্রি গেট রয়েছে, সেই কয়েকটি গেটের বাইরের ও ভিতরের সিসিটিভি ফুটেজ আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে ৷

মূলত এটা জানার চেষ্টা হচ্ছে যে, কারা এই জলের বোতলগুলি নিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকল ৷ পাশাপাশি, এও জানার চেষ্টা করা হচ্ছে, গেটের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা কীভাবে ওই জলের বোতলগুলি ভিতরে ঢোকার অনুমতি দিল ? কিংবা কীভাবে তাঁদের চোখ এড়িয়ে গেল বিষয়টি ?

এই ঘটনার পর রাজ্য পুলিশ কিংবা বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না-হলেও, এই বিষয়ে রাজ্য পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ঘটনাটি কীভাবে ঘটল, তা আগে পর্যবেক্ষণ করে দেখা উচিত ৷ আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মীকেও মারধর করা হয়েছে ৷ এই ঘটনায় একাধিক অভিযোগ দায়ের করা হবে ৷"

কিন্তু, একজন বিশ্ববিখ্যাত তারকার কলকাতা সফরে আসা এবং তাঁর নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এমন গাফিলতি কেন হল, তাও তদন্তের আওতায় রয়েছে ৷ বিশেষত, মেসির আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বের নিরাপত্তা কেমন ও কতটা কড়াকড়ি হওয়া উচিত, এ দিনের ঘটনা থেকে তার শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷