গরমে পুড়বে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টি অব্যাহত উত্তরে
আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা । সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা 36 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

Published : June 3, 2026 at 8:39 AM IST
কলকাতা, 3 জুন: অস্বস্তিকর গরমে হাসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের । উত্তরবঙ্গে ছবিটা বিপরীত ৷ সেখানে বৃষ্টি ভেজা আবহাওয়া । সোমবার থেকে গরম বাড়তে শুরু করেছে দক্ষিণের জেলাগুলিতে । সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই 36 ডিগ্রির ঘরে ।
পশ্চিমের জেলাগুলোতে চাঁদিফাটা গরম আরও বাড়বে বলে জানিয়ে আলিপুর আবহাওয়া অফিস । তুলনায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলায় গরম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষ জেরবার হচ্ছে । স্থানীয়ভাবে ঝড়বৃষ্টি হলেও তা বাড়তে থাকা গরমে রাশ টানতে পারবে না । শুক্রবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলোতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলায় নেই ।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গের উপর দিয়ে সক্রিয় অক্ষরেখা এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরেই বৃষ্টির পরিমাণ বাড়ছে । আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে । ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৷
আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । 3 থেকে 5 জুন পর্যন্ত অর্থাৎ, আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচ জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে ।
আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে । 4 জুন বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টির (7 থেকে 11 সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে ।
5 জুন শুক্রবার সেই ভারী বৃষ্টির এলাকা আরও বিস্তৃত হয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহারেও পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জন্য আপাতত বড় কোনও সতর্কতা নেই । শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দু'টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.01 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.03 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.08 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 01 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 এবং সর্বনিম্ন 57 শতাংশ ।

