ETV Bharat / state

চার বছরের শিশুকে যৌন নির্যাতন ! বিচারের দাবিতে বিক্ষোভ বিজেপির

চিকিৎসার জন্য শিশুটিকে আপাতত চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 11:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

তারকেশ্বর, 8 নভেম্বর : চার বছরের শিশুর যৌন নির্যাতন ! প্রতিবাদে তারকেশ্বরে দফায় দফায় বিক্ষোভ বিজেপির। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া চার বছরের এক শিশু কন্যাকে ঘুমের মধ্যে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, এদিন ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এরপর এদিন দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার হয় ।

তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর না দিয়েই শিশুটিকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ বিজেপির । হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ প্রথমে হাসপাতালে ও পরে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

তবে পুলিশ সূত্রে খবর শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়েছে। চিকিৎসার জন্য শিশুটিকে আপাতত চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ।

বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্ণা আদক বলেন, "কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তা বলতে পারব না। তবে এই ঘটনা থেকে এটুকু বুঝতে কোনও সমস্যা নেই যে আমাদের রাজ্যে একটা চার বছরের শিশুরও নিরাপদ নয় । তার গাল থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে ৷ কেউ বা কারা তার সঙ্গে পাশবিক আচরণ করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। "

তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, "খুবই বেদনাদায়ক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই পরিবারকে অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে পরিবারের সদস্যরা থানা থেকে চলে যান। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা-সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন।" নাম প্রকাশে অনিচ্ছুক হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, " মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।"