ETV Bharat / state

মুঘল সাম্রাজ্যের নয়, পাঠ্যপুস্তকে থাকবে শ্যামাপ্রসাদের ইতিহাস; বার্তা মন্ত্রীর

হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সেখানেই তিনি জানান, আর মুঘল সাম্রাজ্যের নয়, পাঠ্যপুস্তকে থাকবে শ্যামাপ্রসাদের ইতিহাস ৷

SHYAMA PRASAD MUKHERJEE IN TEXTBOOK
শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 6, 2026 at 3:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জিরাট, 6 জুলাই: কলকাতার পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে হুগলির জিরাটেও সোমবার পালিত হল তাঁর জন্মদিন ৷ আজ সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে জিরাটে। এদিন বলাগড় বিডিও অফিস থেকে শোভাযাত্রা শুরু হয় ৷ শেষ হয় জিরাটের আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতি মন্দিরে গিয়ে। অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা ৷

জিরাট কলোনি স্কুলে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি জানান, মুঘল সাম্রাজ্য আর ইতিহাসের বইয়ের পাতায় থাকবে না, সনাতনীদের কথা তুলে ধরা হবে ৷ পাশাপাশি এই অনুষ্ঠানের শুরুতে শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকী স্মৃতি মন্দিরে থাকা মূর্তিতে মাল্যদান করা হয়। রক্তদান শিবির থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন হয়। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থাও ছিল এখানে। শ্যামাপ্রসাদের পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের ভিটেবাড়ি ও আশপাশের বিভিন্ন জায়গায় তাঁর ছবি ও পোস্টার দেওয়া হয়।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে হুগলির জিরাটেও পালিত হয় তাঁর জন্মদিন (ইটিভি ভারত)

স্মৃতিসৌধকে ঘিরে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা রয়েছে সারাদিনজুড়ে। বৃষ্টির মধ্যেই পায়ে হেঁটে এদিনের শোভাযাত্রায় অংশ নেন সকলে। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরাও হাতে পতাকা নিয়ে অংশ নেন শোভাযাত্রায়।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী সুমনা সরকার বলেন, "বছরের পর বছর ধরে বাংলার যাঁরা রত্ন তাঁদের সম্মান দিতে শেখেনি গত সিপিএম ও তৃণমূল সরকার । এতদিন অবহেলিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপির প্রতিষ্ঠাতা তিনি। নতুন সরকার গঠনের পর ইতিমধ্যেই তাঁকে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস পাঠ্য পুস্তকের আওতায় আনার জন্য চিন্তা-ভাবনা চলছে।"

SHYAMA PRASAD MUKHERJEE IN TEXTBOOK
অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা (ইটিভি ভারত)

এরপরই সুমনার সংযোজন, "মুঘল সাম্রাজ্য আর ইতিহাসের বইয়ের পাতায় থাকবে না, সনাতনীদের কথা তুলে ধরা হবে। 125 ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি ইকোপার্কের তৈরির কথা চিন্তাভাবনা করা হয়েছে। শ্যামাপ্রসাদের আবেগের কথা কোনওদিন কেউ ভাবেননি ৷ আজ বর্তমান রাজ্য সরকার ভেবেছে।" শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাতি, বাণীপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "এতদিন দাদুকে নিয়ে কেউ কোনও চিন্তা ভাবনা করেননি ৷ এই সরকার পদক্ষেপ নিয়েছে। এটাই আমাদের কাছে বড় ব্যাপার। পাঠ্যপুস্তকে যদি তাঁকে রাখা হয় তাহলে সরকারকে স্বাগত জানাই ৷" এদিন কলকাতার মিত্র ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী এবং তাঁর রাজনৈতিক অবদান।