ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের পথে টোটো উলটে জখম 6, হাসপাতালে বসে পরীক্ষা 2 ছাত্রীর

আহত বাকি 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । পরে সেই টোটোচালকই তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ।

higher secondary candidate
হাসপাতালে জখম ছাত্রী৷ (নিজস্ব চিত্র৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 19, 2026 at 3:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ঘাটাল, 19 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিতে যাওয়ার পথে আচমকাই দুর্ঘটনা । টোটোয় চড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় ছড়িয়ে থাকা বালিতে চাকা বেসামাল হয়ে উলটে গেল গাড়ি । আহত হলেন চালক-সহ 6 জন পরীক্ষার্থী । তাঁদের মধ্যে 2 জনের চোট গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে । বাকি 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে সেই টোটোচালকই তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ।

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকায় । জানা গিয়েছে, 6 জন পরীক্ষার্থী রত্নেশ্বরবাটি হাইস্কুলের ছাত্রী । তাঁদের উচ্চমাধ্যমিকের সেন্টার পড়েছে ঘাটালের বসন্তকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ে । এদিন গ্রামের বাড়ি থেকে টোটোয় চড়ে পরীক্ষা দিতে রওনা দিয়েছিলেন তাঁরা । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিবেকানন্দ ক্লাবের সামনে পৌঁছতেই বিপত্তি । রাস্তার ধারে ফেলা বালির উপর দিয়ে উঠতেই নিয়ন্ত্রণ হারায় টোটো । মুহূর্তের মধ্যে উলটে যায় গাড়ি ।

উচ্চমাধ্যমিকের পথে টোটো উলটে জখম 6, হাসপাতালে বসে পরীক্ষা 2 ছাত্রীর (নিজস্ব ভিডিয়ো)

আহতদের দ্রুত স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । গুরুতর জখম মৌপর্ণা পাল ও তৃষ্ণা মেটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডেই পরীক্ষা দিয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি সেখানে পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয় । অন্য 4 জন পরীক্ষার্থী ও চালক দীপক সিং রায়ের চোট তুলনামূলক কম । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ।

higher secondary candidate
হাসপাতালে বসে পরীক্ষা৷ (নিজস্ব চিত্র৷)

হাসপাতালে দাঁড়িয়ে আহত পরীক্ষার্থীর মা মধুমিতা পাল বলেন, "আমার মেয়ে-সহ 6 জন পরীক্ষার্থীকে নিয়ে টোটো আসছিল । দুর্ঘটনায় একজনের মাথায় লেগেছে, আরেকজনের হাত ভেঙেছে । এখন হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে । আশা করি পরীক্ষা ভালো হবে ।"

টোটোচালক দীপক সিংহ রায়ের কথায়, "6 জন পরীক্ষার্থীকে নিয়ে কেন্দ্রে যাচ্ছিলাম । রাস্তার ধারে বালি ফেলার জন্যই এই দুর্ঘটনা । বালির উপর উঠতেই চাকা বেসামাল হয়ে যায়, আর তাতেই টোটো উলটে যায় । আমার হাতেও চোট লেগেছে ।"

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে ওই গ্রামীণ রাস্তা । রাস্তার উপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় বিপদের আশঙ্কা ছিলই । পরীক্ষার দিনে সেই আশঙ্কাই বাস্তব হল । তবে বিপত্তির মধ্যেও দুই ছাত্রীর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেওয়ার দৃশ্যই যেন আলাদা বার্তা দিচ্ছে—অসুবিধা যতই আসুক, থেমে থাকে না লড়াই।