স্টেশন চত্বরে নোংরা-থুতু ফেললেই মোটা টাকা জরিমানা, 'ইস্টার্ন রেল ইজ ওয়াচিং ইউ'
শুধু রেল কর্তৃপক্ষ নয়, এই নজরদারির দায়িত্বে থাকবেন রেল চত্বরে উপস্থিত সবাই ৷ 4 জুলাই থেকে পূর্ব রেল চালু করছে 'ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ'৷

Published : July 2, 2026 at 5:22 PM IST
মালদা, 2 জুলাই: রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগামী 4 জুলাই থেকে পূর্ব রেল চালু করছে নতুন পর্ব, 'ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ'৷ এই দিন থেকে রেল চত্বরে কোনও নোংরা কিংবা থুতু ফেললেই মানুষজনকে মোটা অংকের টাকা জরিমানা করা হবে ৷ শুধু রেল কর্তৃপক্ষ নয়, এই নজরদারির দায়িত্বে থাকবেন রেল চত্বরে উপস্থিত সবাই ৷ ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে এই নির্দেশিকা সংক্রান্ত একটি পোস্টার প্রকাশ করা হয়েছে ৷
রেল স্টেশন ও সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশ কিছু উদ্যোগ নেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর ৷ তাঁর নির্দেশনায় স্বচ্ছতা চ্যাম্পিয়ন অভিযানের ফেজ 1 ও 2 শেষ হয়েছে ৷ রেলের দাবি, মূলত গণসচেতনতা এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বের উপর আলোকপাত করা এই দুটি ফেজই ভালো সাফল্য পেয়েছে ৷ এবার এই মিশনের তৃতীয় এবং সবচেয়ে জোরালো পর্ব শুরু হতে চলেছে ৷ আগামী 4 জুলাই থেকে রেল চত্বরে আবর্জনা কিংবা থুতু ফেলার ক্ষেত্রে পূর্ব রেল কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে চলেছে ৷ এই নজরদারি পর্বে যাত্রীরাও অংশগ্রহণ করতে পারবেন ৷
পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই রেলওয়ে জোনে থাকা স্টেশনগুলি হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ৷ এসব সিসিটিভি মনিটরিং-এর জন্য রেলকর্মীদের একটি নেটওয়ার্কও তৈরি করা হয়েছে ৷ এই জোনে থাকা প্রতিটি স্টেশনের প্রতিটি কোণে এখন অবিরাম নজরদারি চলছে ৷ কেউ নোংরা কিংবা থুতু ফেললেই এসব সিসিটিভিতে তাঁর ছবি ধরা পড়বে ৷ ঘটনাস্থলেই তাঁকে 200 টাকা আর্থিক জরিমানা করা হবে ৷
এই নজরদারিতে শুধুই রেলকর্মীরা নন, থাকবেন সাধারণ যাত্রীরাও ৷ কোনও যাত্রী যদি কাউকে থুতু কিংবা নোংরা ফেলতে দেখেন, তিনি শুধু ওই ব্যক্তির ছবি তুলে নির্দিষ্ট ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ৷ পরবর্তীতে রেল কর্তৃপক্ষ ওই অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ করবে ৷ যে যাত্রী ওই ছবি তুলবেন, তাঁকে ক্যাপ্টেন ক্লিন হিসাবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাঁর এই অবদানের জন্য পূর্ব রেলের তরফে তাঁকে একটি শংসাপত্রও দেওয়া হবে ৷
আগামী 4 জুলাই হাওড়া স্টেশনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর এই অভিযানের সূচনা করতে চলেছেন ৷ ফলে সেদিন থেকে স্টেশন কিংবা সংলগ্ন এলাকায় থুতু কিংবা আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে ৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, "পরিচ্ছন্নতা শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি একটি যৌথ দায়িত্ব ৷ 'ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ' অভিযানের মাধ্যমে আমরা নজরদারি ও সাধারণের অংশগ্রহণের মধ্যে এই ব্যবধান ঘুচিয়ে দিচ্ছি ৷ স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাত্রীরা নিশ্চিতভাবে আমাদের সঙ্গে হাত মেলাবেন বলে আমাদের বিশ্বাস ৷ সবার কাছে আমাদের আবেদন, স্টেশনকে পরিচ্ছন্ন রাখতে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি ৷"

