ETV Bharat / state

হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ঘটনায় শোরগোল

পাঁচদিন পরই ছিল পরীক্ষা । তার আগেই হস্টেলের দরজা ভেঙে উদ্ধার হল অভিষেকের দেহ । ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

Medical Student Body Recovered
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 28, 2026 at 9:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 28 অগস্ট: প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ! দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷ মেডিক্যাল কলেজের হস্টেলের ঘর থেকে অভিষেক কুমার (20) নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ শুক্রবার দুপুরে হস্টেলের ঘরের দরজা ভেঙে তাঁর দেহ দেখতে পান সহপাঠীরা ৷ মৃত পড়ুয়ার বাড়ি বিহারের সীতামারি এলাকায় ৷

ঘটনা প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং বলেন, "এক ছাত্রের দেহ উদ্ধার হয়েছে হস্টেল থেকে ৷ পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ কী কারণে মৃত্যু, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তদন্ত চলছে ৷"

জানা গিয়েছে, পাঁচদিন পর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পরীক্ষা রয়েছে ৷ হস্টেলের ঘরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন অভিষেক এবং তাঁর সহপাঠী ৷ এদিন দুপুরে খানিকক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে ছিলেন অভিষেক সহপাঠী ৷ তিনি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ৷ অনেক ডাকাডাকি করলেও অভিষেকের সাড়াশব্দ মেলেনি ৷ এরপর হস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় ৷ সকলে মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকলে, অভিষেকের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ৷ (ইটিভি ভারত)

এই ঘটনা নিয়ে ওই বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শুভ্রশেখর ভট্টাচার্য বলেন, "ওঁর সহপাঠী বাইরে গিয়েছিল । ফিরে এসে দরজা বন্ধ দেখে ৷ ডাকাডাকি করলেও দরজা খোলেনি ৷ এরপর হস্টেলের দরজা ভেঙে ওই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ হাসপাতালে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল ৷ মানসিক কোনও চাপ ছিল কি না, তা বলতে পারব না ৷ তবে, সিনিয়রদের কোনও চাপ বা ওই ধরনের খবর আমরা পাইনি ৷ পাঁচদিন পরেই পরীক্ষা রয়েছে ৷ সেই কারণেও মানসিক চাপে থাকতে পারে ৷ এটা আমাদের অনুমান ৷ বাকিটা পুলিশ তদন্ত করছে ৷"

পুলিশ মৃতের রুমমেটকে জিজ্ঞাসাবাদ করছে ৷ পাশাপাশি, হস্টেল ও ক্লাসের বাকি সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে, অভিষেকের মৃত্যুর কারণ সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য পুলিশের হাতে আসেনি বলে সূত্রের খবর ৷ অভিষেকের মোবাইল ফোন পরীক্ষা দেখছে পুলিশ ৷ মোবাইল ফোনের সূত্র ধরে অভিষেক কুমারের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা ৷ সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷