বিয়ের একদিন আগে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, অন্যত্র সম্বন্ধ হওয়ায় চরম পরিণতি !
যুবক বিবাহিত হওয়ায় সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের ৷

Published : June 13, 2026 at 2:26 PM IST
দুর্গাপুর, 13 জুন: মাত্র একদিন পরেই ছিল বিয়ে ৷ তাই বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ আর এই বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনদের আনাগোনা লেগে রয়েছে ৷ কিন্তু, সেই আনন্দের আবহ মুহূর্তে বদলে গেল শোকে ৷ শনিবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায় একটি গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷ মৃতদের নাম বিউটি বাগদি (19) এবং সুকুমার বাগদি (23) ৷
জানা গিয়েছে, সুকুমার বাগদির বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় ৷ আর বিউটি বাগদির বাড়ি জামগড়ায় ৷ দীর্ঘ কয়েকবছর ধরে প্রেমে সম্পর্ক ছিল সুকুমার এবং বিউটির ৷ কিন্তু, সুকুমার আগে থেকেই বিবাহিত ছিলেন ৷ তাই বিউটির বাড়ির লোকজন তাঁদের সম্পর্ক মেনে নেয়নি ৷ এই পরিস্থিতিতে তাঁরা বিউটির বিয়ের ঠিক করে ফেলেন অন্যত্র ৷ ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দেওয়ার তোড়জোড় পড়ে যায় বাড়িতে ৷ আগামী 14 জুন বিউটির বিয়ের ঠিক করে তাঁর পরিবার ৷
কিন্তু, এ দিন ভোরের আলো ফুটতেই জামগড়া এলাকায় হইচই পড়ে যায় ৷ বাড়ির কাছেই একটি গাছ থেকে বিউটি এবং সঙ্গে সুকুমারের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ মুহূর্তের মধ্যে সেখানে লোকজনের ভিড় জমে যায় ৷ পরে ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিউটি এবং সুকুমারের দেহ উদ্ধার করে ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷
পুলিশের তরফে বিউটির বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সুকুমারের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে ৷ যুগলের মৃত্যুর ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ পুলিশের একটি সূত্রে খবর, মেয়েটির পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে সুকুমারের সঙ্গে বিউটির প্রেমের সম্পর্কের বিষয়টি জানা গিয়েছে ৷ বাকি বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে ৷ এই মুহূর্তে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা ৷পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷
এ নিয়ে বিউটি বাগদির আত্মীয় বিধান বাগদি বলেন, "অনেকদিন ধরেই দু’জনের মধ্যে সম্পর্ক ছিল ৷ কিন্তু, সুকুমার বিবাহিত ছিলেন ৷ তাই বিউটির বাড়ি থেকে মেনে নেয়নি ৷ সেই কারণেই বিউটির বিয়ে অন্যত্র ঠিক হয় ৷ রবিবার বিউটির বিয়ে হওয়ার কথা ছিল ৷ তার আগেই এই ঘটনা ঘটে গেল ৷"

