অনলাইন গেম থেকে দেনা, টাকা জোগাড় করতে বন্ধুর সঙ্গে মিলে বৃদ্ধকে খুন নাতির
টাকা পয়সা কিংবা খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ মেলেনি ৷

Published : August 29, 2026 at 6:08 PM IST
মালদা, 29 অগস্ট: 24 ঘণ্টার মধ্যেই শহরের বুকে বৃদ্ধর নৃশংস খুনের ঘটনার কিনারা করে ফেলল ইংরেজবাজার থানার পুলিশ । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের দুঃসম্পর্কের নাতি-সহ তাঁর এক সঙ্গীকে । অনলাইন গেমে আসক্তি থেকে দেনা ৷ টাকা জোগার করতেই পরিকল্পনা করে এই খুন করা হয়েছে বলে দাবি পুলিশের । শনিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।
গত শুক্রবার সকাল এগারোটা নাগাদ খুনের বিষয়টি সামনে আসে । জোরপূর্বক ঢোকার কোনও চিহ্ন দরজায় না থাকা এবং এক জোড়া চায়ের কাপ ঘরে দেখে পুলিশের সন্দেহ হয়, কোনও পরিচিত ব্যক্তিই এই ঘটনা ঘটিয়েছে । ঘটনাস্থল থেকে মৃতের মোবাইল উদ্ধার না হওয়ায় তদন্তকারী অফিসাররা অনুমান করেন, এই ঘটনায় জড়িতরা মৃতের মোবাইল ফোন নিয়ে পালিয়েছেন । ওই মোবাইল ট্র্যাক করতেই খুনের কিনারা করে ফেলেন তদন্তকারী অফিসাররা ।
মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, "শুক্রবার সকাল এগারোটা নাগাদ দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় অর্ণব সেন নামে 60 বছরের এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ঘটনাস্থলে মৃতের মোবাইল ফোন ছিল না । তদন্তে নেমে কমলাবাড়ি এলাকা থেকে শুভজিৎ ঘোষকে (22) আটক করা হয় । অর্ণবের দুঃসম্পর্কের নাতি শুভজিৎ । জেরায় শুভজিৎ খুনের কথা স্বীকার করে । এই ঘটনার শুভজিতকে সাহায্য করেছিল তার এক বন্ধু কৌশিক ঘোষ ওরফে পচা । রাতে পচাকেও গ্রেফচার করা হয় ।"
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃতরা অনলাইন গেমে আসক্ত । এই গেমের কারণেই শুভজিতের তিন লক্ষ ও কৌশিকের এক লক্ষ টাকা ধার হয়ে যায় । দেনা শোধ করার টাকা জোগাড় করতেই অর্ণবকে খুন করার পরিকল্পনা করেন এই দুই যুবক । বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ তাঁরা অর্ণবের বাড়িতে যান । রাত সাড়ে দশটা নাগাদ অর্ণবকে খুন করে বাড়িতে টাকার খোঁজ চালান দু"জন।
ধারালো অস্ত্র দিয়ে গলায়, পেটে আঘাত করা হয়েছিল বৃদ্ধকে । এখনও পর্যন্ত ধৃতদের হেফাজত থেকে কোনও অর্থ কিংবা খুনে ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি । ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে ।

