ETV Bharat / state

SIR বিরোধিতাকে স্বাগত রাজ্যপালের, খড়দার প্রৌঢ়ের মৃত্যুতে তদন্তের বার্তা

রাজ্যপালের কথায়, সংবিধানের একটি অংশ নির্বাচন কমিশন । তাই এসআইআর পদ্ধতিও একটি অংশ ।

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 29, 2025 at 1:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 অক্টোবর: রাজ্যের শাসকদল তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে ৷ সেই বিরোধিতাকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পাশাপাশি খড়দায় প্রৌঢ়ের মৃত্যুতে তদন্তের বার্তা দিলেন তিনি ৷

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া বা এসআইআর । যা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে । এনআরসি আতঙ্কে উত্তর 24 পরগনার খড়দায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সার্বিক পরিস্থিতি নিয়েই মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

SIR বিরোধিতাকে স্বাগত রাজ্যপালের (নিজস্ব ভিডিয়ো)

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা রাজ্যপাল বলেন, "সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের । সংবিধানের একটি অংশ নির্বাচন কমিশন । তাই এসআইআর পদ্ধতিও একটি অংশ ।" তিনি আরও বলেন, "গণতান্ত্রিক পরিকাঠামোতে এর বিরোধিতা করার অধিকার রয়েছে শাসকদল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির । তবে এটাকে কেন্দ্র করে যে সহিংসতা ও অন্যান্য ঘটনা ঘটছে, বাজে প্রশ্ন উঠছে, পদ্ধতি মেনে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেবিষয়ে পদক্ষেপ করবে । তাই প্রতিবাদ বিরোধিতাকে স্বাগত জানাই । সহিংসতা এড়ানো উচিত ।"

এদিন রাজভবনে একটি 'আও বাতে করে' শীর্ষক স্বল্প দৈর্ঘ্যের একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় । সেই তথ্যচিত্রের মধ্যে দেখানো হয়, রাজ্যপাল কিছু বাচ্চাদের সঙ্গে কথা বলছেন । তিনি আগামিদিনে কীভাবে জীবন গড়ে তুলতে হবে সে বিষয়ে তাদের পরামর্শ দিচ্ছেন । বাচ্চাদেরও রাজ্যপালকে কাছে পেয়ে বেশ খুশি দেখিয়েছে তথ্যচিত্রে ।

Governor CV Ananda Bose
SIR বিরোধিতাকে স্বাগত রাজ্যপালের (নিজস্ব ছবি)

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "আমাদেরই এক সহ-নাগরিক, খড়দার প্রদীপ কর 'NRC' আতঙ্কে জীবন শেষ করে দিয়েছেন বলে খবরে দেখলাম । রাজ্যে 'SIR'- এর আবহে 'NRC' আতঙ্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে । তৃণমূল ও বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার লক্ষে 'SIR' ও 'NRC' নিয়ে সাধারণ মানুষের মনের ভিতর ভয়ের বাতাবরণ তৈরির অপচেষ্টা করছে । আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে দাবি জানিয়েছি যে, অবিলম্বে 'SIR' নিয়ে সর্বদলীয় বৈঠক আহ্বান করুন এবং সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করার প্রক্রিয়া গ্রহণ করুন । কিন্তু নির্বাচন কমিশন কার্যত ঠুঁটো হয়ে বসে আছে । এরপর যদি 'নোটবন্দি'র মতো 'SIRও সাধারণ নাগরিকদের প্রাণ কেড়ে নেয়, তবে নির্বাচন কমিশন তার দায় এড়িয়ে যেতে পারবে না ।"