মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ‘প্রবাসী হেল্পডেস্ক’ চালু রাজ্যপালের
রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে এই হেল্পডেস্ক চালু করা হয়েছে৷ দেওয়া হয়েছে ফোন নম্বর ও ইমেল আইডি৷

Published : March 4, 2026 at 4:03 PM IST
কলকাতা, 4 মার্চ: মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যাঁরা বিপদে পড়েছেন, তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তাঁর উদ্যোগে লোকভবনে চালু হল হেল্পডেস্ক৷ যাঁদের সাহায্যের প্রয়োজন তাঁরা এখন থেকে লোকভবনের তরফে দেওয়া ফোন নম্বর, ইমেল আইডি-তে যোগাযোগ করতে পারবেন৷
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে ইরানের উপর৷ ইরান পালটা হামলা চালিয়ে যাচ্ছে৷ আক্রমণ ও প্রতি-আক্রমণের এই লড়াইয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব এশিয়ার অনেক দেশেও পড়েছে৷ এর জেরে মধ্যপ্রাচ্য-সহ এশিয়া মহাদেশের একাধিক দেশে অনেক মানুষ আটকে পড়েছেন৷

কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে হেল্পডেস্ক খোলা হয়েছে৷ বিদেশ মন্ত্রকের তরফে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে৷ সংশ্লিষ্ট দেশগুলিতে ভারতীয় দূতাবাস অনেককে ইতিমধ্যে ফেরানোর ব্যবস্থাও করেছে৷
এবার পশ্চিমবঙ্গের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই নিয়ে বিশেষ পদক্ষেপ করলেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রবাসী বাঙালি ও তাঁর পরিবারের সদস্যদের জন্য৷ হেল্প ডেস্ক চালু করলেন। একাধিক ইমেল আইডি ও মোবাইল নম্বর চালু করা হয়েছে। যেকোনও প্রয়োজনে সাধারণ মানুষ এই নম্বরে যোগাযোগ করতে পারেন বলেই লোকভবনের তরফে জানানো হয়েছে।
রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, "মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এবং উপসাগরীয় দেশগুলিতে বসবাসরত পশ্চিমবঙ্গের লক্ষাধিক মানুষের কথা বিবেচনা করে রাজ্যপাল লোক ভবনে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। এই বিশেষ সেলটি লোক ভবনের পিস রুমে চালু করা হয়েছে।’’
ওই আধিকারিক আরও বলেন, ‘‘এটির নাম রাখা হয়েছে ‘প্রবাসী হেল্পডেস্ক’। এই হেল্প ডেস্ক 24 ঘণ্টা খোলা থাকবে। উপসাগরীয় দেশগুলিতে আটকে পড়া প্রবাসী বাঙালিদের পরিবার বা আত্মীয়স্বজন যদি কোনও সমস্যায় পড়েন বা উদ্বিগ্ন হন, তাহলে তাঁরা এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।"
যোগাযোগের ঠিকানা -
- ফোন নম্বর: 033-22001641
- ইমেল: peaceroomrajbhavan@gmail.com
- osd2w.b.governor@gmail.com
- generalcellgs@gmail.com
- specialcellgs@gmail.com
এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুতকে। তাঁর সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। সন্দীপ সিং রাজপুতের মোবাইল নম্বর: 97177 73134.
উল্লেখ্য, এর আগে একাধিক ঘটনায় হেল্পলাইন চালু করেছিল লোকভবন। পঞ্চায়েত ভোটে হিংসা, সন্দেশখালিতে হিংসা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিপর্যয় কিংবা পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিরসনের একাধিক পদক্ষেপ দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

