ETV Bharat / state

রাজ্যপালকে বিস্ফোরণে ওড়ানোর হুমকি দিয়ে ধৃত 1, নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার পথে বোস

ইডি-তৃণমূল চরম সংঘাতের আবহে হুমকি মেল পেলেন রাজ্যপাল ৷ তার জেরে লোকভবনে নিরাপত্তার কড়াকড়ি ৷ দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল ছবি : ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 9:14 AM IST

|

Updated : January 9, 2026 at 11:52 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 জানুয়ারি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি মেল ৷ নিরাপত্তা জোরদার করা হল লোকভবনে ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে সল্টলেক এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত ৷ এই বিষয়ে লোকভবনের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে আরও তথ্যের জন্য এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে রাজ্যপাল বোসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে । সেই কারণে তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ।

যদিও এই হুমকিকে পরোয়া না করে কোনওরকম নিরাপত্তারক্ষী ছাড়ায় কলকাতার রাস্তায় বেরোনোর সিদ্ধান্ত নেন সিভি আনন্দ বোস । সেই মতো আজ সকালে শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ডেকার্সলেনে খেতে বেরিয়েছিলেন তিনি ৷

হুমকি মেল প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য (পিটিআই / এএনআই)

প্রাতঃরাশ সেরে হুমকির বিষয়ে রাজ্যপাল বলেন, "সকলে নিজের দায়িত্ব কর্তব্য পালন করছে ৷ নিরাপত্তারক্ষীরাও নিজেদের দায়িত্ব যেমন পালন করে তেমনই আমি আমার দায়িত্ব পালন করি ৷ রাজ্যপালের প্রথম কাজ মানুষের জন্য ৷ দ্বিতীয় কাজও মানুষের জন্য, তৃতীয়ও তাই ৷ আমি জনগণকে বিশ্বাস করি ৷ তারাও আমাকে বিশ্বাস করে ৷ আমি বাংলাকে ভালোবাসি ৷ বাংলা ভাষাকে ভালোবাসি ৷ বাংলার জন্য কাজ করি ৷ আমি হুমকি মেলকে পাত্তা দিই না ৷ জনগণ আমাকে ভালোবাসে তাই কোনও হুমকি কাজ করে না আমার ক্ষেত্রে ৷"

Governor CV Ananda Bose
হুমকি মেল পাওয়ার পরদিন সকালে ফুটপাথে ব্রেকফাস্ট সারলেন রাজ্যপাল (পিটিআই)

লোকভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বলেন,"এটা প্রথমবার নয়, এর আগেও এমন হুমকি এসেছিল । আজ রাজ্যপাল নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটলেন... তিনি আত্মবিশ্বাসী যে বাংলার মানুষ তাঁকে রক্ষা করবে ।"

Governor CV Ananda Bose
খুনের হুমকি মেল পাওয়ার পর কলকাতার রাস্তায় রাজ্যপাল বোস (পিটিআই)

আধিকারিক আরও বলেছেন, "ওই ই-মেলে রাজ্যপালকে বিস্ফোরণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তি ইমেলে তাঁর মোবাইল নম্বরও উল্লেখ করেছেন । আমরা ডিজিপিকে বিষয়টা জানিয়েছি এবং অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে বলেছি ৷ ডিজিপি'র পাশাপাশি হুমকির গুরুত্ব বিবেচনা করে বিষয়টি তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যপালকে হুমকি মেইলের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও জানানো হয়েছে । রাজ্য পুলিশ এবং সিআরপিএফ রাজ্যপালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করছে ৷"

West bengal Lok bhavan Security
খুনের হুমকির পর লোক ভবনে নিরাপত্তা বৃদ্ধি (এএনআই)

জীবন নাশের হুমকি মেইল পাওয়ার পর জেড-প্লাস নিরাপত্তা প্রাপ্ত রাজ্যপাল বোসের সুরক্ষা বাড়ানো হয়েছে ৷ তাঁর জন্য প্রায় 60-70 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । এই হুমকি পাওয়ার পর পরিস্থিতি মূল্যায়ন এবং বর্তমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য গভর্নরের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাবাহিনীর প্রধানদের মধ্যে গতকাল মধ্যরাতে একটি বৈঠক হয় । লোকভবনের প্রতিটি গেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে । যে ইমেইল থেকে হুমকি এসেছে সে বিষয়ে কলকাতা পুলিশকে ইতিমধ্যে জানানো হয়েছে । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি তদন্ত শুরু করেছে বলেও সূত্রের দাবি । যদিও রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের হুমকি প্রথম নয়, এর আগেও একই ধরণের হুমকি বার্তা পেয়েছিলেন সিভি আনন্দ বোস ।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত মালব্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেছেন । একটি এক্স পোস্টে তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে স্বাগতম, যেখানে রাজ্যপালও নিরাপদ নন । পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত একটি বেসরকারি সংস্থাকে রক্ষা করার জন্য ইডি থেকে অপরাধমূলক ফাইল ছিনিয়ে নিতে ব্যস্ত । মমতা বন্দ্যোপাধ্যায় একটি অবিরাম বিপর্যয় ।"

Last Updated : January 9, 2026 at 11:52 AM IST