ফের পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মিরিকে পর পর সিলিন্ডার বিস্ফোরণ
সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় ।

Published : February 26, 2026 at 2:22 PM IST
মিরিক, 26 ফেব্রুয়ারি: চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড পাহাড়ে । এবারের ঘটনাস্থল মিরিক মহকুমার দুধিয়া বাজার । দুটি খাবারের দোকানে আগুন লাগার পর পরপর বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এতে আগুন আরও ভয়াবহ আকার নেয় ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয় বাসিন্দা তথা দুধিয়া বাজারের ব্যবসায়ী বিজয় রাই ও ভক্তি থামির দোকান থেকে আগুন লাগে বলে জানা গিয়েছে । দুটিই ছিল ফাস্টফুডের দোকান । ভোরবেলায় আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে মিরিক বাজার এলাকা । আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরে থাকা পাঁচটিরও বেশি গ্যাস সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণ হয় । সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় ।

আগুনের লেলিহান শিখায় দুটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় । প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করতে যায় । কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হতেই সবাই প্রাণভয়ে পালিয়ে যায় । খবর দেওয়া হয় দমকলে ৷ মিরিক ও শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া থেকে দমকলের চারটে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । কিন্তু সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কিছুই রক্ষা করা যায়নি । বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে দোকানের ভিতরে এতগুলো সিলিন্ডার কোথা থেকে এল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এই বিষয়ে মিরিক পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান লাল বাহাদুর রাই বলেন, "ওই দুইটি দোকানের আশেপাশে আর কোনও দোকান না-থাকায় সেভাবে আগুন আর ছড়াতে পারেনি । নইলে আগুন আরও ভয়ঙ্কর রূপ নিত । তবে প্রশাসন আগুন লাগার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে ।"
প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাতে দার্জিলিংয়ের উদয়গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রয়াত বিখ্যাত সঙ্গিত শিল্পী প্রশান্ত তামাংয়ের বাড়ির কাছে এই অগ্নিকাণ্ডে পুড়ে খাক হয়ে যায় একটি দোতলা বাড়ি । ওই কাঠের বাড়িটিতে মোট ছয়টি পরিবার ভাড়া থাকত । ঘরের ভিতরেই জীবন্ত পুড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের ৷ মৃতের নাম কমল প্রধান (63) ৷ অগ্নিকাণ্ডের সূত্রপাত তাঁর ঘর থেকেই । দোতলায় একটি ঘরে একাই ভাড়া থাকতেন তিনি । পেশায় শ্রমিক ছিলেন । রাত আড়াইটে নাগাদ আচমকা দোতলার একটি ঘর থেকে আগুন বের হতে দেখেন অন্যান্য ভাড়াটেরা । গোটা বাড়িটি কাঠের তৈরি হওয়ায় নিমেষে আগুন ভয়াবহ আকার ধারণ করে ।

