ETV Bharat / state

মালদায় চূড়ান্ত বিপদসীমায় গঙ্গার জলস্তর, ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক-প্রশাসন

মানিকচকে চরম বিপদসীমায় গঙ্গার জলস্তর ৷ জারি কমলা সতর্কতা ৷ মানিকচক, ইংরেজবাজার ও কালিয়াচক-3 ব্লকে বাড়ছে ভাঙন ৷ পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক-প্রশাসনের কর্তারা ৷

Ganga Water Level at Danger Mark
মালদায় চূড়ান্ত বিপদসীমায় গঙ্গার জলস্তর, ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক-প্রশাসনিক কর্তারা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 1, 2026 at 5:44 PM IST

4 Min Read
Choose ETV Bharat

মালদা, 1 সেপ্টেম্বর: চরম বিপদসীমায় পৌঁছে গেল গঙ্গা ৷ রাজ্য সেচ দফতরের পোর্টাল অনুযায়ী মঙ্গলবার সকাল আটটায় মানিকচক ঘাটে গঙ্গার জলস্তর 25.30 মিটার রেকর্ড করা হয়েছে ৷ জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷ এদিকে রতুয়া 1 নম্বর ব্লকের পাশাপাশি মানিকচক, ইংরেজবাজার ও কালিয়াচক 3 নম্বর ব্লকেও গঙ্গা ভাঙনের দাপট বাড়ছে ৷ এদিন দুই বিধায়ক ও প্রশাসনিক কর্তারা ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেছেন ৷ কালিয়াচক 2 নম্বর ব্লকেও ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্তারা ৷

উত্তর ভারতে ভারী বৃষ্টি এবং পাহাড়ের বরফ গলা জল দ্রুতগতিতে গঙ্গা বেয়ে নেমে আসছে ৷ এদিন ঋষিকেশে গঙ্গার জলস্তর অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে ৷ সেই ছবি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ মালদা জেলাতেও কয়েকদিন ধরে জলস্তর বৃদ্ধি হচ্ছে গঙ্গার ৷ সঙ্গে বেড়েছে ভাঙনের দাপট ৷ এদিনই কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মণ্ডল পাড়ায় গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে সাতটি বাড়ি ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় বিধায়ক রাজু কর্মকার এবং বিডিও বাপি হালদার দুর্গত এলাকা পরিদর্শন করেন ৷

Ganga Water Level at Danger Mark
ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক-প্রশাসনিক কর্তারা (ইটিভি ভারত)

বিধায়ক রাজু কর্মকার বলেন, ‘‘গঙ্গার জলস্তর বৃদ্ধিতে আপ স্ট্রিমের সঙ্গে এবার ডাউন স্ট্রিমেও ভাঙন শুরু হয়েছে ৷ আজ আমরা গোলাপ মণ্ডল পাড়ার পরিস্থিতি খতিয়ে দেখেছি ৷ দুর্গত মানুষজনের হাতে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসন ৷ তবে এখন গঙ্গার জলস্তর যে জায়গায় রয়েছে, তাতে ভাঙন রোধের কাজ করা অত্যন্ত দুষ্কর ৷ গোটা বিষয়টি সেচ দফতরের ইঞ্জিনিয়রদের জানাচ্ছি ৷ আপাতত অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করা যায় কি না, দেখা হচ্ছে ৷’’

Ganga Water Level at Danger Mark
ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক-প্রশাসনিক কর্তারা (ইটিভি ভারত)

এদিন সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর গুড়িয়া এবং অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকারকে সঙ্গে নিয়ে মানিকচকের গোপালপুর এবং ইংরেজবাজারের খাসকোল এলাকায় গঙ্গা ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলও ৷ তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সমস্যার কথা শোনেন ৷ বিধায়ককে কাছে পেয়ে সেচ দফতরের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেন দুর্গতরাও ৷ তাঁদের অভিযোগ, শুখা মরশুমে সেচ দফতর ভাঙন রোধের কোনও কাজ করে না ৷ গঙ্গার তাণ্ডব রুখতে বোল্ডার পিচিং কিংবা কংক্রিট দিয়ে পাড় বাঁধাই করা হয় না ৷ শুভঙ্করবাবু তাঁদের আশ্বাস দেন, পরিস্থিতি মোকাবিলায় তাঁরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন ৷

Ganga Water Level at Danger Mark
মালদায় চূড়ান্ত বিপদসীমায় গঙ্গার জলস্তর (ইটিভি ভারত)

গৌরচন্দ্র মণ্ডল বলেন, ‘‘খাসকোলে গঙ্গার ভঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 48টি দুস্থ পরিবার ৷ এসব পরিবারের সদস্যরা এখন খাসকোল হাইস্কুলে কষ্টের সঙ্গে দিন যাপন করছেন ৷ আজ তাঁদের হাতে আমরা মশারি, ত্রাণের কিট, শুকনো খাবার-সহ বেশ কিছু সামগ্রী তুলে দিয়েছে ৷ দুর্যোগের দিনে অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ৷ গঙ্গার জল অনেক জায়গায় পাড় উপচে গিয়েছে ৷ সঙ্গে ভাঙনও চলছে ৷ তবে গঙ্গায় এখন প্রচুর জল ৷ এখন বালির বস্তা ফেলা ছাড়া অন্য কোনও কাজ করা সম্ভব নয় ৷ সেচ দফতর পরিস্থিতি মোকাবিলায় তৈরি আছে ৷’’

Ganga Water Level at Danger Mark
ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক-প্রশাসনিক কর্তারা (ইটিভি ভারত)

এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর এলাকায় গঙ্গা ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখেন অতিরিক্ত জেলাশাসক সপ্তর্ষি নাগ-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা৷ তাঁরা পঞ্চানন্দপুর ঘাট ও ছেতরুটোলা এলাকায় সেচ দফতরের তিনটি কাজও খতিয়ে দেখেন ৷ কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে ৷ এলাকার মানুষজন ভাঙন রোধের বিষয়ে নিজেদের মতামত প্রশাসনিক কর্তাদের জানান ৷

Ganga Water Level at Danger Mark
মালদায় চূড়ান্ত বিপদসীমায় গঙ্গার জলস্তর (ইটিভি ভারত)

অতিরিক্ত জেলাশাসক গঙ্গা তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করে জানান, তাঁরা যেন আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে দ্রুত নিরাপদ জায়গায় চলে যান ৷ দুর্যোগের সময় সবাই যেন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলেন ৷ তাঁরা আশ্বস্ত করেন, গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের জন্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাবেন তাঁরা ৷ সেই রিপোর্টে স্থানীয়দের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে ৷

Ganga Water Level at Danger Mark
ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক-প্রশাসনিক কর্তারা (ইটিভি ভারত)

জেলা সেচ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘আজ সকালে মানিকচক ঘাটে গঙ্গার জলস্তর 25.30 মিটার রেকর্ড করা হয়েছে ৷ অর্থাৎ গঙ্গা আজ চূড়ান্ত বিপদসীমায় পৌঁছে গিয়েছে ৷ আপাতত নদীর জলস্তর স্থিতিশীল রয়েছে ৷ তবে আগামী কয়েকদিন জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আজ থেকে ফুলহরের জলস্তর কমতে শুরু করেছে ৷ সকালে ওই নদীর জলস্তর ছিল 26.91 মিটার ৷ বিপদসীমা 27.43 মিটার থেকে 52 সেন্টিমিটার নিচু দিয়ে বইছে ফুলহর ৷ আমরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছি ৷ যেখানে যা পদক্ষেপ করা প্রয়োজন, তা করা হচ্ছে ৷’’

আরও পড়ুন -

  1. আশঙ্কার শুরু গত বর্ষায়, প্রশাসনের 'উদাসীনতায়' গঙ্গায় তলিয়ে গেল মালদার স্কুল !
  2. পাড় কাটতে শুরু করল গঙ্গা, এবার নিশানায় ভূতনির কেশরপুর কলোনি
  3. চলতি মরশুমে প্রথম গঙ্গা ভাঙন মালদায়, ভূতনিকে রক্ষা করতে ময়দানে প্রশাসন